ওয়েব ডেস্ক: হাওড়া পুরসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হতে আগ্রহীদের ভিড়। পুরভোটের প্রস্তুতিতে দলীয় নেতৃত্বের কাছে ইতিমধ্যেই প্রায় ৫০০টি আবেদন জমা পড়েছে। ওয়ার্ডে ওয়ার্ডে প্রার্থী হওয়ার আগ্রহকে ঘিরে শুরু হয়েছে বাছাইয়ের প্রক্রিয়া। তবে আবেদন জমা পড়লেই যে টিকিট নিশ্চিত, তা নয়। জয়ী হওয়ার সম্ভাবনা এবং দলের প্রতি নিষ্ঠাকেই প্রার্থী নির্বাচনের প্রধান মাপকাঠি করতে চাইছে বিজেপি নেতৃত্ব।
দলীয় সূত্রের খবর, উত্তর হাওড়ার মতো অবাঙালি অধ্যুষিত এলাকাগুলিতে প্রার্থী হওয়ার আবেদন সবচেয়ে বেশি। সেখানে একটি ওয়ার্ডে ১৫ থেকে ২০ জন পর্যন্ত আবেদন করেছেন। বাঙালি অধ্যুষিত ওয়ার্ডগুলিতে গড়ে পাঁচ থেকে ছ’টি আবেদন জমা পড়েছে। মহিলা সংরক্ষিত ওয়ার্ডগুলিতে আবেদনকারীর সংখ্যা তুলনায় কম, দু’ থেকে তিন জন। ইতৈ হাওড়ায় প্রার্থী বাছাই নিয়ে সাংগঠনিক বৈঠক করেছেন বিজেপি নেতৃত্ব। বৈঠকে দলের ১৩টি মণ্ডলের সভাপতিদের ডাকা হয়। হাওড়া পুরভোটের দায়িত্বে থাকা রাহুল সিনহা জানান, যাঁরা বিজেপি করেন এবং যাঁদের জেতার সম্ভাবনা রয়েছে, তাঁদেরই প্রার্থী করার কথা ভাবছে দল।
আরও পড়ুন-
নভেম্বরেই কি পুরভোট হচ্ছে না? ডিসেম্বরে ভোটের সম্ভাবনা ঘিরে জল্পনা
জেলা নেতৃত্বের পরিকল্পনা, তৃণমূল স্তরের পুরনো ও সক্রিয় কর্মীদের মতামতের ভিত্তিতে ওয়ার্ডভিত্তিক প্রার্থীর নাম চূড়ান্ত করে রাজ্য নেতৃত্বের কাছে পাঠানো হবে। প্রাক্তন তৃণমূল কাউন্সিলরদের প্রার্থী করার ব্যাপারে হাওড়া বিজেপির পুরনো নেতৃত্বের আপত্তিও রয়েছে। ফলে বিপুল আবেদন থেকে যোগ্য প্রার্থী বেছে নেওয়াই এখন দলের সামনে বড় চ্যালেঞ্জ।




