HomeScrollজোড়াফুল ছেড়ে কলমের নিবে ভিড়, বসিরহাটে বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ

জোড়াফুল ছেড়ে কলমের নিবে ভিড়, বসিরহাটে বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ

ওয়েব ডেস্ক: বাংলার রাজনৈতিক পালাবদলের অভিঘাত এবার ছড়িয়ে পড়ছে পঞ্চায়েতের অন্দরেও। বসিরহাটে তৃণমূলের সংগঠনে একের পর এক ভাঙন ধরিয়ে নিজেদের শক্তি বাড়াচ্ছে NCPI বা এনসিপিআই। শুধু নেতা-কর্মীদের দলবদল নয়, নির্বাচিত জনপ্রতিনিধিদের একাংশের দলত্যাগে একাধিক পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির রাজনৈতিক সমীকরণ বদলে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে উত্তর ২৪ পরগনার এই সীমান্তবর্তী অঞ্চলে নতুন করে চর্চায় উঠে এসেছে এনসিপিআই।

সাম্প্রতিকতম ঘটনাটি মিনাখাঁ পঞ্চায়েত সমিতিতে। ২৪ আসনের এই সমিতিতে নির্বাচনে সব ক’টি আসনেই জিতেছিল তৃণমূল। কিন্তু রাজনৈতিক পালাবদলের পর সেই সমিতির ১৬ জন সদস্য তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যোগ দিয়েছেন বলে দাবি করা হয়েছে। এর আগে সভাপতি সাইফুদ্দিন মোল্লা পদত্যাগের আবেদন জমা দেন। ফলে সমিতির নিয়ন্ত্রণ নিয়ে নতুন পরিস্থিতি তৈরি হয়েছে।

শুধু মিনাখাঁ নয়, কুলটি পঞ্চায়েতেও দলবদলের ঘটনা ঘটেছে। উপপ্রধান-সহ ১৩ জন সদস্য তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যোগ দিয়েছেন বলে খবর। বসিরহাটে তৃণমূলের হাতে থাকা ১৩টি পঞ্চায়েত এবং দুটি পঞ্চায়েত সমিতি দখলের দাবিও করেছে এনসিপিআই। দলের স্থানীয় কো-অর্ডিনেটর হাজি মন্টুর দাবি, আরও বহু পঞ্চায়েত প্রধান, উপপ্রধান এবং সদস্য এনসিপিআইতে যোগ দিতে আগ্রহ প্রকাশ করছেন।

এই দলবদলের পিছনে রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন এবং উন্নয়নের কাজে যুক্ত হওয়ার আকাঙ্ক্ষাকে কারণ হিসেবে দেখাচ্ছেন যোগদানকারীদের একাংশ। এনসিপিআই নেতৃত্বের বক্তব্য, এনডিএ-র শরিক হওয়ায় নতুন রাজনৈতিক সমীকরণে দলটির প্রতি আগ্রহ বাড়ছে। তবে এই ধারাবাহিক দলবদল স্থানীয় স্তরে তৃণমূলের সাংগঠনিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলছে। বসিরহাটে এনসিপিআইয়ের এই উত্থান কতটা স্থায়ী হয়, এখন সেটাই দেখার।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments