ওয়েব ডেস্ক: পুলিশি নোটিসকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েও আপাতত স্বস্তি পেলেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মামলার জরুরি শুনানির আবেদন খারিজ করে দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। ফলে পুলিশের নোটিস ঘিরে আইনি লড়াইয়ে আপাতত ধাক্কা খেলেন ডায়মন্ড হারবারের সাংসদ।
এর আগে বিচারপতি কৃষ্ণা রাও মামলা থেকে সরে দাঁড়ানোর পর প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন অভিষেক। প্রধান বিচারপতির নির্দেশে বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলা দায়েরের অনুমতি মেলে। শুনানিতে তদন্তের গোপন তথ্য সংবাদমাধ্যমে ফাঁস হওয়া এবং ‘মিডিয়া ট্রায়াল’ নিয়ে প্রশ্ন তুলে দ্রুত আইনি সুরক্ষার আর্জি জানান অভিষেকের আইনজীবীরা। তবে জরুরি শুনানিতে সায় দেয়নি আদালত।
ক্যামাক স্ট্রিটে বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে পুলিশ ও পুরকর্মীদের সঙ্গে অভিষেকের অনুগামীদের সংঘর্ষের ঘটনায় তিনটি এফআইআর দায়ের হয়েছে। সেই তদন্তে শেক্সপিয়র সরণি থানার পুলিশ অভিষেককে নোটিস দিয়ে বুধবার ফের হাজিরার নির্দেশ দিয়েছে। এর আগে সোমবার হাজিরার পরিবর্তে ৪৮ ঘণ্টা সময় চেয়ে ইমেল করেছিলেন তিনি।




