নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি প্রকাশ্য বিতর্কে বসার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর বিস্ফোরক অভিযোগ, বিদেশি সাহায্য নিয়েই প্রধানমন্ত্রী হয়েছেন মোদি। শুধু তাই নয়, সেই বিদেশি শক্তির সমর্থনেই এখনও প্রধানমন্ত্রীর পদে টিকে রয়েছেন তিনি। সমাজমাধ্যমে একটি পোস্ট করে এই দাবি করেন কংগ্রেস নেতা। তাঁর মন্তব্য ঘিরে জাতীয় রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।
রাহুলের দাবি, দেশের আর্থিক ব্যবস্থা পুরোপুরি বিদেশিদের নিয়ন্ত্রণ ও সমর্থনের উপর নির্ভরশীল। বিদেশি সমাজমাধ্যমের প্ল্যাটফর্মগুলিও মোদির পাশে রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। এই সমস্ত বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রকাশ্য মঞ্চে বিতর্কে বসতে চান বলেও জানিয়েছেন বিরোধী দলনেতা। তাঁর কথায়, “যে কোনও মঞ্চে, যে কোনও সময়ে আলোচনায় আসুন। সাহস থাকলে সামনে আসুন।” মোদি এই চ্যালেঞ্জ গ্রহণ করবেন না বলেও কটাক্ষ করেছেন তিনি।
আরও পড়ুন
উত্তরবঙ্গে ক্ষমতার সমীকরণ মজবুত করতে শিলিগুড়িতে শুভেন্দুর রাজনৈতিক বার্তা মঙ্গলবার
রাহুলের এই আক্রমণের সূত্রপাত প্রধানমন্ত্রীর সাম্প্রতিক গুজরাত সফরের বক্তব্যকে ঘিরে। শনিবার সর্দার বল্লভভাই প্যাটলের জন্মবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে বিরোধীদের নিশানা করেছিলেন মোদি। তাঁর অভিযোগ ছিল, বিরোধীরা গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন না করে কার্যত ‘অবরোধ পক্ষ’ হয়ে উঠেছে। বিদেশে কারা কার সঙ্গে গোপনে বৈঠক করছেন এবং ভারতবিরোধী শক্তি কাদের মদত দিচ্ছে, তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন প্রধানমন্ত্রী।
সেই বক্তব্যেরই পাল্টা জবাব দিয়েছেন রাহুল। ফলে বিদেশি শক্তির প্রভাব নিয়ে পরস্পরবিরোধী অভিযোগে মোদি-রাহুল সংঘাত নতুন মাত্রা পেল।




