কলকাতা: উত্তরবঙ্গে রাজনৈতিক জমি আরও শক্তিশালী করতে মঙ্গলবার শিলিগুড়িতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর এই সফরকে ঘিরে ইতিমধ্যেই তৎপরতা শুরু হয়েছে বিজেপির সাংগঠনিক মহলে। বাগডোগরা থেকে শিলিগুড়ি—সর্বত্র প্রস্তুতি তুঙ্গে। মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে থাকছে জনসভা এবং ‘গণতন্ত্র বাঁচাও’ মিছিল।
মঙ্গলবার বাঘাযতীন পার্ক থেকে মিছিল শুরু হওয়ার কথা। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে মিছিল পৌঁছবে মহানন্দা সেতু সংলগ্ন মহাত্মা গান্ধী মোড়ে। সেখানে সমাবেশে বক্তব্য রাখবেন শুভেন্দু। এই কর্মসূচিতে উত্তরবঙ্গের ন’টি সাংগঠনিক জেলার বিজেপি নেতা, কর্মী, মন্ত্রী ও জনপ্রতিনিধিদের উপস্থিত থাকার কথা। ফলে এই কর্মসূচিকে ঘিরে উত্তরবঙ্গজুড়ে দলীয় শক্তি প্রদর্শনের প্রস্তুতি নিচ্ছে গেরুয়া শিবির।
বিজেপি নেতৃত্বের বক্তব্য, সংসদ ও বিচারব্যবস্থার মতো সাংবিধানিক প্রতিষ্ঠানকে ঘিরে বিভ্রান্তিকর প্রচারের বিরুদ্ধে রাজনৈতিক বার্তা দিতেই এই মিছিল। পাশাপাশি উত্তরবঙ্গের আসন্ন পুরসভা নির্বাচনগুলির আগে দলের সাংগঠনিক শক্তি প্রদর্শনও এই কর্মসূচির অন্যতম লক্ষ্য বলে মনে করছে রাজনৈতিক মহল।
আরও পড়ুন
বাসে উঠলেই গুনতে হবে বাড়তি টাকা! পরিবহন মন্ত্রীর কাছে প্রস্তাব মালিক সংগঠনের
মুখ্যমন্ত্রীর সফর ঘিরে নিরাপত্তা, যান চলাচল এবং সভাস্থলের প্রস্তুতি খতিয়ে দেখেছেন প্রশাসনের আধিকারিকরা। সব মিলিয়ে মঙ্গলবারের শিলিগুড়ি সফর প্রশাসনিক কর্মসূচির পাশাপাশি রাজনৈতিক দিক থেকেও যথেষ্ট তাৎপর্যপূর্ণ।




