ওয়েব ডেস্কঃ পাহাড়ি হেলিপ্যাডে নামার সময় ভয়াবহ দু্র্ঘটনা। আবতরণের আগেই মুখোমুখি চলে আসে দুটি হেলিকপ্টার। দুর্ঘটনায় মৃত ১ ভারতীয়। চেন্নাইয়ের বাসিন্দা বসন্ত কুমার নামে ওই ভারতীয় পর্যটকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও কয়েকজন যাত্রী ও পাইলট। মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্পের কাছেই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানাগিয়েছে। সূত্রের খবর, ফেরিচে হেলিপ্যাডে অবতরণের সময় ফিশটেল এয়ার এবং এয়ার ডায়নাস্টি সংস্থার দুটি হেলিকপ্টারের রোটার ব্লেডের মধ্যে সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় ভিডিও ফুটেজ সামনে আসতেই চাঞ্চল্য ছড়ায়।ঘটনার পর দুর্গম পাহাড়ি এলাকায় উদ্ধার কাজ শুরু করে নেপাল পুলিশ ও স্থানীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যাবস্থা করা হয়েছে। দুর্ঘটনার পর ফের একবার মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্প অঞ্চলে হেলিকপ্টার চলাচল ও বিমান নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কীভাবে দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ হল তা খতিয়ে দেখা হচ্ছে।
নেপালের খুম্বু অঞ্চলে অবস্থিত ফেরিচে মাউন্ট এভারেস্টের কাছাকাছি একটি গুরুত্বপূর্ণ জনপদ। ট্রেকার ও পর্বতারোহীরা এই এলাকা ব্যবহার করে থাকেন। দুর্গম পাহাড়ি এলাকায় যাতায়াত, জরুরি পরিষেবা পৌঁছনোর ক্ষেত্রে হেলিকপ্টারের ব্যবহার হয়ে থাকে। এই পরিস্থিতিতে অবতরণের সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষ নতুন করে হিমালয় অঞ্চলে বিমান নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।




