ওয়েব ডেস্ক: বিশাখাপত্তনমের তেলশোধনাগারে আচমকা বিস্ফোরণ। আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে কেঁপে ওঠে গোটা এলাকা। সোমবার রাতে আচমকাই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আতঙ্কে ভুগছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে খবর, সোমবার রাতের দিকে আচমকাই তেলশোধনাগারে বিস্ফোরণের মতো ঘটনা ঘটে। প্রথমে কেউ কিছু বুঝতে পারেননি। বাজি ফটার মতো আওয়াজ শুনে সকলে বাইরে বেড়িয়ে আসেন। বাইরে এসে তৈলশোধনাগার থেকে গল গল করে আগুন বেড়িয়ে আসতে দেখেন। সঙ্গে ধোঁয়া। অভ্যন্তরীণ অগ্নিনির্বাপণ ব্যবস্থা দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে হয়। দ্রুত খবর যায় দমকলে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একাধিক ইঞ্জিন।
আগুন লাগার সঙ্গে সঙ্গেই ওই এলাকার বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। কর্মীদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, তেল শোধনাগারের ভিতরে একটি সালফার পিচ ট্যাঙ্কে আগুন লেগেই এই বিপত্তি। আগুন থেকে নির্গত ধোঁয়া বিপজ্জনক বলে মনে হচ্ছে না বলেও জানিয়েছেন এইচপিসিএল কর্তৃপক্ষ।




