কলকাতা: প্রতিবেশী বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ ঘিরে উদ্বেগ বাড়ছে পশ্চিমবঙ্গেও। এই পরিস্থিতিতে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই ইস্যুতে বাংলাদেশের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কথা বলবেন তিনি। প্রয়োজনে ইমেল করেও রাজ্যের উদ্বেগের কথা জানাবেন।
রবিবার সাংবাদিক বৈঠকে শুভেন্দু বলেন, বাংলাদেশের ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। প্রতিবেশী রাষ্ট্রের পরিস্থিতি নিয়ে পশ্চিমবঙ্গের বহু মানুষ উদ্বিগ্ন। কারণ, এ রাজ্যের অনেক পরিবারের আত্মীয়স্বজন বাংলাদেশে থাকেন। তাঁদের নিরাপত্তা নিয়ে স্বাভাবিক ভাবেই উদ্বেগ তৈরি হয়েছে। তবে বিদেশনীতি সংক্রান্ত বিষয়ে কোনও রাজ্য সরকার সরাসরি হস্তক্ষেপ করতে পারে না বলেও স্পষ্ট করেছেন তিনি। বিদেশ মন্ত্রকের মাধ্যমে বিষয়টি কেন্দ্রের কাছে তুলে ধরতে চান মুখ্যমন্ত্রী। ভারত- বাংলাদেশ সীমান্তে কঠোর নজরদারি চলছে বলেও জানিয়েছেন তিনি।
আরও পড়ুন
বিধানসভা থেকে হাইকোর্ট, এমএলএ হোস্টেল, নিউটাউনে গড়ে উঠবে বাংলার নতুন প্রশাসনিক রাজধানী
অন্যদিকে, সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের বক্তব্যে উঠে এসেছে বাংলাদেশের জন্মের ইতিহাস ও ধর্মীয় পরিচয়ের প্রশ্ন। তাঁর কথায়, ভাষার ভিত্তিতে নয়, ধর্মের ভিত্তিতেই বাংলাদেশের জন্ম। বাংলাভাষী হিন্দুদের উপর অত্যাচারের অভিযোগ তুলে তিনি বলেন, সীমান্তের ওপারে আক্রান্ত মানুষ তাঁদেরই আত্মীয়, তাঁদেরই রক্ত। এই ঘটনার প্রতিবাদে রাজনীতির ঊর্ধ্বে উঠে পশ্চিমবঙ্গবাসীকে পথে নামার আহ্বান জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি।
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে চূড়ান্ত অবস্থান নির্ধারণের দায়িত্ব কেন্দ্রীয় সরকার ও বিদেশ মন্ত্রকের—এ কথা মেনে নিয়েও শমীক আন্তর্জাতিক স্তরে প্রতিবাদ গড়ে তোলার ডাক দিয়েছেন। ফলে প্রতিবেশী দেশের অস্থিরতা এখন পশ্চিমবঙ্গের রাজনীতিতেও গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠেছে।




