Homeবিদেশভারতের জন্য হরমুজ খুলল ইরান, বিরাট স্বস্তি দিল্লির

ভারতের জন্য হরমুজ খুলল ইরান, বিরাট স্বস্তি দিল্লির

মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপের মধ্যেই ভারতকে বড় স্বস্তি দিল ইরান

ওয়েব ডেস্কঃ পশ্চিম এশিয়ায় যুদ্ধের উত্তাপের মধ্যেই ভারতকে বড় স্বস্তি দিল ইরান। হরমুজ প্রণালী দিয়ে চলাচলের ক্ষেত্রে ভারতীয় বাণিজ্যিক জাহাজের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা ঘোষণা করেছে তেহরান। শুধু ভারত নয়, চিন, ইরাক এবং কাতারের জাহাজকেও এই ছাড় দেওয়া হয়েছে। ইরানের এই সিদ্ধান্তে ভারতের জ্বালানি আমদানি এবং সামুদ্রিক বাণিজ্যে কিছুটা স্বস্তি ফিরতে পারে বলে মনে করছে আন্তর্জাতিক মহল।

ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও বিদেশনীতি কমিটির উপপ্রধান আমির হায়াত মোঘাদ্দাম মঙ্গলবার ইরানের সংবাদমাধ্যম ISNA-কে দেওয়া সাক্ষাৎকারে এই সিদ্ধান্তের কথা জানান। তাঁর দাবি, ভারত, চিন, ইরাক ও কাতারের জাহাজ হরমুজ প্রণালী দিয়ে অবাধে যাতায়াত করতে পারবে। এমনকী আমেরিকাও এই দেশগুলির জাহাজ আটকাচ্ছে না বলে জানিয়েছেন তিনি।

কেন ভারতকে এই বিশেষ সুবিধা? ইরানি সাংসদের বক্তব্য, ভারত থেকে ওষুধ আমদানির প্রয়োজন রয়েছে তেহরানের। সেই পারস্পরিক স্বার্থের কথা মাথায় রেখেই ভারতীয় জাহাজের যাতায়াতে ছাড় দেওয়া হয়েছে। অন্য দিকে, চিনের জাহাজকে ছাড় দেওয়ার পিছনে রয়েছে বেজিংয়ের রাজনৈতিক সমর্থন পাওয়ার প্রত্যাশা।

উল্লেখ্য, বিশ্বের মোট জ্বালানি সরবরাহের প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ভারতের অপরিশোধিত তেলের চাহিদার প্রায় ৯০ শতাংশই আমদানিনির্ভর। তার একটি উল্লেখযোগ্য অংশ এই জলপথ দিয়ে আসে। ফলে যুদ্ধের কারণে হরমুজে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় উদ্বেগে ছিল নয়াদিল্লি।

তবে এই ছাড়ের বাস্তবায়ন এবং নিরাপদে জাহাজ চলাচলের পরিস্থিতির উপরই নির্ভর করবে ভারতের বাণিজ্যিক স্বস্তি।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments