কলকাতা: পুরভোটের আগে ওয়ার্ড পুনর্বিন্যাস এবং ওয়ার্ডভিত্তিক বুথের তালিকা ঘিরে নতুন করে বিতর্ক। শুনানিতে ব্যবহৃত মানচিত্রের সঙ্গে আগে বিরোধীদের দেওয়া মানচিত্রের অমিল রয়েছে বলে অভিযোগ তুলল কংগ্রেস। তাদের দাবি, প্রথমে যে মানচিত্র ও বুথের সংখ্যা জানানো হয়েছিল, শুনানির সময়ে তা বদলে দেওয়া হয়েছে। ফলে ওয়ার্ডের সীমানা এবং বুথের তথ্য নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। এই ঘটনায় তথ্যের কারচুপির আশঙ্কাও প্রকাশ করেছে বিরোধীরা।
বিষয়টি নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, রাজ্য নির্বাচন কমিশনার কৃষ্ণ গুপ্ত এবং পুর-কমিশনার স্মিতা পাণ্ডেকে লিখিত আপত্তি জানিয়েছেন প্রদেশ কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়। তাঁর অভিযোগ, ২২ আগস্ট দেওয়া মানচিত্রের পরিবর্তে সম্প্রতি শুনানির সময়ে নতুন মানচিত্র ব্যবহার করা হয়েছে। অথচ আগের মানচিত্র অকার্যকর হয়ে যাওয়ার বিষয়টি বিরোধীদের জানানো হয়নি।
আরও পড়ুন:
SIR-এর বিরোধিতায় একজোট হওয়ার ডাক, বাংলায় ইন্ডিয়া মঞ্চকে আহ্বান দীপঙ্করের
কংগ্রেসের আরও অভিযোগ, ২২ আগস্ট এবং ১১ সেপ্টেম্বর প্রকাশিত তথ্যেও বুথের সংখ্যা ও তালিকা নিয়ে অসঙ্গতি রয়েছে। আগে সঠিক মানচিত্র ও তথ্য হাতে পেলে সেই অনুযায়ী আপত্তি জানানো কিংবা আদালতের দ্বারস্থ হওয়ার সুযোগ থাকত বলে দাবি বিরোধীদের।
ওয়ার্ডের সীমানা দ্রুত সংশোধন, ভুল মানচিত্র ব্যবহারের কারণ ব্যাখ্যা এবং তাদের জমা দেওয়া আপত্তির ভিত্তিতে কমিশন কী পদক্ষেপ করেছে, তা জানতে চেয়েছে কংগ্রেস। দ্রুত বিজ্ঞপ্তি প্রকাশ করে যাবতীয় বিভ্রান্তি দূর করারও দাবি জানিয়েছে তারা। পুরভোটের প্রস্তুতির মধ্যেই এই অভিযোগে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে নতুন প্রশ্ন উঠল।




