ওয়েব ডেস্ক: আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড়সড় বিপর্যয়ের পর ফের ইমপিচমেন্টের আশঙ্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ার ফলে আগামী দিনে তাঁর প্রশাসনের বিরুদ্ধে একের পর এক তদন্ত শুরু হতে পারে। এমনকী তৃতীয়বারের জন্য ইমপিচমেন্টের প্রক্রিয়াও শুরু হতে পারে বলে জল্পনা। তবে সেই সম্ভাবনা নিয়ে বিন্দুমাত্র বিচলিত নন ট্রাম্প। উল্টে তাঁর হুঁশিয়ারি, তাঁকে সরানোর চেষ্টা করলে রাজনৈতিক ভাবে ধ্বংস হয়ে যাবে ডেমোক্র্যাটরাই।
বুধবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, ডেমোক্র্যাটরা যদি তাঁকে ইমপিচ করার উদ্যোগ নেয়, তা হলে তাদের দলই বড়সড় রাজনৈতিক ক্ষতির মুখে পড়বে। তাঁর কথায়, এমন পদক্ষেপ ডেমোক্র্যাট পার্টিকে ধ্বংস করে দিতে পারে। একই সঙ্গে নিজের বিরুদ্ধে ইমপিচমেন্টের কোনও যুক্তি নেই বলেও দাবি করেছেন তিনি।
নভেম্বরের নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের ফলে আগামী বছরের জানুয়ারি থেকে কংগ্রেসের দুই কক্ষেই ডেমোক্র্যাটদের প্রভাব বাড়তে চলেছে। ফলে ট্রাম্প প্রশাসনের নীতি, আধিকারিকদের ভূমিকা, তাঁর পরিবারের ব্যবসায়িক লেনদেন এবং জেফ্রি এপস্টিন সংক্রান্ত তদন্তের পরিচালনা নিয়ে নতুন করে অনুসন্ধানের সম্ভাবনা তৈরি হয়েছে।
আরও পড়ুন:
উল্লেখ্য, ট্রাম্পের প্রথম প্রেসিডেন্ট পদে থাকার সময় ২০১৯ এবং ২০২১ সালে দু’বার ইমপিচমেন্ট হয়েছিল। তবে দু’বারই সেনেটে ভোটাভুটিতে তিনি রেহাই পান। এ বারও ইমপিচমেন্টের প্রস্তাব প্রতিনিধি পরিষদে উঠলেও সেনেটে তাঁকে পদ থেকে সরাতে দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন প্রয়োজন হবে। সেই সমর্থন জোগাড় করা ডেমোক্র্যাটদের পক্ষে কঠিন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনী বিপর্যয়ের পর ট্রাম্পের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ প্রশাসনিক নিয়ন্ত্রণ বজায় রাখা। অন্য দিকে, ডেমোক্র্যাটদের কাছেও সুযোগ এসেছে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে একাধিক অভিযোগ খতিয়ে দেখার। ফলে আগামী দু’বছর ওয়াশিংটনের রাজনীতিতে সংঘাত আরও তীব্র হওয়ার সম্ভাবনা।




