HomeLive Updatesজেল থেকে প্যারোলে ফিরেই চার লক্ষ অতিথির মহাভোজ, বাহুবলি অনন্তের ক্ষমতা প্রদর্শনী

জেল থেকে প্যারোলে ফিরেই চার লক্ষ অতিথির মহাভোজ, বাহুবলি অনন্তের ক্ষমতা প্রদর্শনী

ভিআইপি অতিথিদের যাতায়াতের জন্য তৈরি করা হয়েছিল চারটি হেলিপ্যাড

ওয়েব ডেস্ক: বিহারে সরকার বদলেছে, রাজনীতির সমীকরণ বদলেছে, ক্ষমতার অলিন্দে বদলেছে বহু পরিচিত মুখ। কিন্তু বাহুবলীদের দাপট কি সত্যিই কমেছে? মোকামার ‘ছোটে সরকার’ অনন্ত সিংয়ের মেয়ের বিয়েকে ঘিরে সেই প্রশ্নই নতুন করে সামনে এল। জেল থেকে প্যারোলে বেরিয়ে মেয়ের বিয়ের আয়োজন করলেন বাহুবলি বিধায়ক। আর সেই অনুষ্ঠান ঘিরে পাটনা জেলার নাদওয়ান গ্রামে কার্যত জনসমুদ্রের চেহারা। অতিথির সংখ্যা প্রায় চার লক্ষ বলে আয়োজকদের দাবি। উপস্থিত ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী, রাজ্যের একাধিক মন্ত্রী, বিধায়ক ও সাংসদ।

অনন্তের মেয়ে শিবাঙ্গী সিংয়ের বিয়েতে বিহারের বিভিন্ন প্রান্তের পাশাপাশি দেশের অন্য রাজ্য এবং বিদেশ থেকেও অতিথিরা এসেছিলেন বলে জানা গিয়েছে। ভিআইপি অতিথিদের যাতায়াতের জন্য তৈরি করা হয়েছিল চারটি হেলিপ্যাড। একের পর এক হেলিকপ্টারে অনুষ্ঠানে পৌঁছন নেতা-মন্ত্রীরা। ঘোড়দৌড়, কাওয়ালি, গঙ্গা আরতির মতো আয়োজনও ছিল। খাবারের তালিকায় ছিল প্রায় ১৫০ রকমের পদ। আয়োজকদের দাবি, অতিথিদের জন্য ৫০ লক্ষ রসগোল্লা এবং ২৫ লক্ষ অন্যান্য মিষ্টির ব্যবস্থা করা হয়েছিল। জামাইকে উপহার দেওয়া হয়েছে একটি থার গাড়ি। ঘোড়দৌড়ের বিজয়ীর জন্যও একই গাড়ি পুরস্কার হিসাবে ঘোষণা করা হয়।

আরও পড়ুন 

NDAতে যোগ-জল্পনা, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রিত্বের দাবিদার সুপ্রিয়া, শরদ পাওয়ারকে ঘিরে জট

তবে এই বিপুল আয়োজনের পাশাপাশি বিতর্কও তৈরি হয়েছে। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবিতে অনুষ্ঠানে আগত কিছু ব্যক্তির হাতে আগ্নেয়াস্ত্র দেখা গিয়েছে বলে দাবি করা হচ্ছে। ছবিগুলির সত্যতা এবং অস্ত্রের বৈধতা সম্পর্কে কোনও নিশ্চিত তথ্য মেলেনি। বিয়েকে কেন্দ্র করে প্রায় ১০ কিলোমিটার পর্যন্ত যানজট তৈরি হয়েছিল বলে জানা গিয়েছে। ভিড় সামলাতে পুলিশকে যথেষ্ট বেগ পেতে হয়।

একটি পারিবারিক অনুষ্ঠান যে রাজনৈতিক প্রভাব প্রদর্শনের মঞ্চও হয়ে উঠতে পারে, অনন্ত সিংয়ের এই আয়োজন তারই ইঙ্গিতবাহী। বিহারের রাজনীতিতে বাহুবলীদের প্রভাব কতটা অটুট, সেই প্রশ্নও ফের আলোচনায়।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments