HomeLive UpdatesNDAতে যোগ-জল্পনা, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রিত্বের দাবিদার সুপ্রিয়া, শরদ পাওয়ারকে ঘিরে জট

NDAতে যোগ-জল্পনা, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রিত্বের দাবিদার সুপ্রিয়া, শরদ পাওয়ারকে ঘিরে জট

বিজেপির হাত ধরতে পারেন শরদ পাওয়ার!

কণাদ দাশগুপ্ত: মহারাষ্ট্রের রাজনীতিতে নতুন সমীকরণের জল্পনা। বিজেপির হাত ধরতে পারেন প্রবীণ রাজনীতিক শরদ পাওয়ার! তবে সেই সমঝোতার শর্ত ঘিরেই তৈরি হয়েছে নতুন বিতর্ক। সূত্রের দাবি, বিজেপি নেতৃত্বাধীন এনডিএতে যোগ দেওয়ার বিনিময়ে মেয়ে সুপ্রিয়া সুলেকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদে দেখতে চান শরদ পাওয়ার। আর এই দাবিকে ঘিরেই বিজেপির অন্দরে শুরু হয়েছে হিসাবনিকাশ। যদিও গোটা বিষয়টি এখনও জল্পনার পর্যায়েই রয়েছে। কোনও পক্ষই আনুষ্ঠানিক ভাবে এমন সমঝোতার কথা স্বীকার করেনি।

নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শরদ পাওয়ারের মধ্যে সরাসরি গোপন আলোচনা চলছে বলে দাবি রাজনৈতিক সূত্রের। কেন্দ্রের প্রস্তাবিত লোকসভা আসন পুনর্বিন্যাস এবং মহিলা সংরক্ষণ সংক্রান্ত বিল পাশ করাতে বিজেপির প্রয়োজনীয় সমর্থন জোগাড় করাই এই আলোচনার অন্যতম উদ্দেশ্য বলে খবর। বিনিময়ে প্রথমে সুপ্রিয়া সুলেকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার প্রস্তাব উঠেছিল বলে দাবি। কিন্তু শরদ পাওয়ারের তরফে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রিত্বের দাবি তোলা হয়েছে বলে জল্পনা।

আরও পড়ুন 

তৃণমূলের সেনাপতি কোথায়? সংগঠন বাঁচাতে একাই ময়দানে সেই মমতা?

এই সমীকরণের সঙ্গে জড়িয়ে রয়েছে এনসিপির দুই শিবিরের পুনর্মিলনের প্রশ্নও। প্রয়াত অজিত পাওয়ারের নেতৃত্বাধীন শিবির বর্তমানে বিজেপির সঙ্গে মহাযুতি সরকারে রয়েছে। অন্যদিকে শরদ পাওয়ারের এনসিপি (এসপি) রয়েছে বিরোধী মহাবিকাশ আঘাড়ির অংশ হিসেবে। দুই শিবির এক হলে মহারাষ্ট্রের ক্ষমতার অঙ্কে বড় পরিবর্তন হতে পারে।

তবে জল্পনায় জল ঢেলেছেন সুপ্রিয়া সুলে নিজেই। বুধবার তিনি মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়ে জানিয়েছেন, সংসদে নীতিনির্ধারণী কাজেই তাঁর অগ্রাধিকার। অন্যদিকে কংগ্রেসও শরদ পাওয়ারের কাছে অবস্থান স্পষ্ট করার দাবি জানিয়েছে। দলের বক্তব্য, জোট ছাড়তে চাইলে সিদ্ধান্ত প্রকাশ্যে জানানো উচিত।

ফলে পাওয়ার পরিবারের রাজনৈতিক ভবিষ্যৎ, এনসিপির দুই শিবিরের পুনর্মিলন এবং বিজেপির সঙ্গে সম্ভাব্য সমঝোতা—তিনটি প্রশ্নেই এখন উত্তাল মহারাষ্ট্রের রাজনীতি।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments