কলকাতা: শেষ হয়েছে দুর্গাপুজো। বঙ্গের বেশিরভাগ দুর্গা প্রতিমা বিসর্জন দিয়ে দেওয়া হয়েছে। এই আবহে নিজের পাড়ায় বড়িষা প্লেয়ার্স কর্নারের প্রতিমা বিসর্জনে হাজির হলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই সমারোহে উপস্থিত সকলকে শুভ বিজয়ার শুভেচ্ছাও জানালেন মহারাজ।
এ বারের দুর্গাপুজোয় সৌরভের উৎসবের মুহূর্ত আরও বিশেষ হয়ে ওঠে বলিউড অভিনেতা রাজকুমার রাওয়ের উপস্থিতিতে। আসন্ন বায়োপিক ‘দাদা: দ্য সৌরভ গঙ্গোপাধ্যায় স্টোরি’-তে মহারাজের চরিত্রে অভিনয় করছেন তিনি। মহাষ্টমীতে সৌরভের বাড়িতে যাওয়ার পর দু’জনে বালিগঞ্জের ম্যাডক্স স্কোয়্যার পুজোমণ্ডপে একসঙ্গে ঢাক বাজান। তাঁদের সঙ্গে ছিলেন ছবির প্রযোজক অঙ্কুর গর্গও। পরে তাঁরা অ্যালেন পার্ক-সহ কলকাতার একাধিক পুজোমণ্ডপ ঘুরে দেখেন।
সৌরভের জীবন ও ক্রিকেটীয় যাত্রা নিয়ে তৈরি হচ্ছে এই ছবি। পরিচালনা করছেন বিক্রমাদিত্য মোতওয়ানে, প্রযোজনায় লাভ রঞ্জন ও অঙ্কুর গর্গ। সৌরভের ভূমিকায় রাজকুমার রাওয়ের প্রথম ঝলক প্রকাশ্যে আসার পর থেকেই ছবিটি নিয়ে আগ্রহ বেড়েছে। নির্মাতাদের ঘোষণা অনুযায়ী, ২০২৭ সালের ১৪ মে বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছবিটির।




