কলকাতা: কলকাতা বিমানবন্দরে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা উদ্ধার করল সিআইএসএফ। ১৯ অক্টোবর, সোমবার সকাল ১০টা ২০ মিনিট নাগাদ আন্তর্জাতিক টার্মিনালের সিকিউরিটি হোল্ড এরিয়ায় তল্লাশির সময় দুই যাত্রীর কাছ থেকে উদ্ধার হয় মোট ১ লক্ষ ১৯ হাজার ৯০০ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যার আনুমানিক মূল্য ১ কোটি ১৩ লক্ষ ৬৪ হাজার টাকা।
পুলিশ সূত্রে খবর, সোমবার ব্যাঙ্ককগামী ভুটান এয়ারলাইন্সের B3700 ফ্লাইটের যাত্রীদের ব্যাগের তল্লাশি চলছিল। সেই সময়েই আন্তর্জাতিক টার্মিনালের সিকিউরিটি হোল্ড এরিয়ায় এক পুরুষ ও এক মহিলার ব্যাগ তল্লাশির সময়ে সন্দেহ হয় CISF-এর। জানা যায়, বিমানবন্দর এলাকায় সন্দেহজনকভাবে দুজনকে ঘুরতে দেখেন নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা।আটক করে দুজনকে জিজ্ঞাসাবাদ করতেই সামনে আসে গোটা বিষয়।
জানা গিয়েছে, ব্যাংককগামী ভুটান এয়ারলাইন্সের B3700 বিমানের দুই যাত্রী—একজন পুরুষ ও একজন মহিলার ব্যাগ থেকে এই বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়। অভিযোগ, খবরের কাগজে মুড়ে ব্যাগের নিচে বিশেষ গোপন অংশ বা ‘ফলস বটম’-এ লুকিয়ে রাখা হয়েছিল ডলারগুলি। পুরুষ যাত্রীর ব্যাগ থেকে ৭৪ হাজার ৯০০ মার্কিন ডলার এবং মহিলা যাত্রীর ব্যাগ থেকে ৪৫ হাজার মার্কিন ডলার উদ্ধার হয়। ঘটনাকে কেন্দ্র করে বিমানবন্দরে চাঞ্চল্য ছড়িয়েছে। উদ্ধার হওয়া বিদেশি মুদ্রা নিয়ে পরবর্তী পদক্ষেপ কী হয়েছে, তা বিস্তারিতভাবে জানা প্রয়োজন।




