কণাদ দাশগুপ্ত
জোড়াফুল প্রতীকে ভোটে জিতে সাংসদ। অথচ এখন দাবি, তাঁরা আর তৃণমূলের নন, অন্য দলের সদস্য! এই অদ্ভুত রাজনৈতিক অবস্থানের আইনি বৈধতা প্রতিষ্ঠা করতেই শেষ পর্যন্ত লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে নিজেদের বক্তব্য পেশ করলেন তৃণমূলের ২০ বিদ্রোহী সাংসদ। ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অব ইন্ডিয়া (NCPI)-এর ব্যানারে তাঁদের দাবি, দলত্যাগ বিরোধী আইন তাঁদের ক্ষেত্রে কার্যকর হওয়ার কথা নয়। তাই সাংসদ পদ খারিজের পরিবর্তে দ্রুত তাঁদের NCPI সাংসদ হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। অর্থাৎ, যে দলের প্রতীকে নির্বাচনে জিতে সংসদে প্রবেশ, সেই দলের পরিচয় ঝেড়ে ফেলে এবার পৃথক রাজনৈতিক পরিচয় প্রতিষ্ঠার চেষ্টা।
লোকসভার গত অধিবেশনে সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষদস্তিদার, মালা রায়, দীপক অধিকারী (দেব) সহ ২০ জন বিদ্রোহী সাংসদের বসার জন্য লোকসভায় পৃথক আসনের ব্যবস্থা করেছিলেন স্পিকার। কিন্তু তাতে NCPI সাংসদ হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি মেলেনি। অন্যদিকে, মোদি সরকার অবশ্য তাঁদের NCPI-এর সদস্য হিসেবেই বিবেচনা করছে। সেই পরিচয়ে সংসদের বিভিন্ন বৈঠকেও আমন্ত্রণ জানানো হচ্ছে তাঁদের।
এই পরিস্থিতিতে বিদ্রোহীদের সাংসদ পদ খারিজের দাবিতে গত ১৮ জুন স্পিকারের কাছে হলফনামা-সহ আবেদন জমা দিয়েছিলেন তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২০ জনের বিরুদ্ধে পৃথক ২০টি আবেদন জমা পড়ে। তার পরিপ্রেক্ষিতে লোকসভা সচিবালয় অভিযুক্ত সাংসদদের বক্তব্য জানতে চায়। কিন্তু একাধিকবার সময় পেরিয়ে গেলেও জবাব জমা পড়েনি। শেষ পর্যন্ত ১৪ নভেম্বর কড়া চিঠি পাঠানোর পর নড়েচড়ে বসেন তাঁরা।
আগামী ২৪ নভেম্বরের মধ্যে জবাব জমা দেওয়ার নির্দেশ ছিল। সেই সময়সীমার আগেই অবশেষে বক্তব্য পেশ করলেন বিদ্রোহীরা। এখন প্রশ্ন, জোড়াফুলের প্রতীকে জিতে অন্য দলের পরিচয় দাবি করলেই কি দলত্যাগের অভিযোগ থেকে নিষ্কৃতি পাওয়া যায়? রাজনৈতিক পরিচয়ের এই বদলের সাংবিধানিক বৈধতা কী, তার ফয়সালা শেষ পর্যন্ত স্পিকারের সিদ্ধান্ত এবং প্রযোজ্য আইনি বিধানের উপরই নির্ভর করছে। সংসদীয় রাজনীতিতে এই নজিরের পরিণতি তাই যথেষ্ট গুরুত্বপূর্ণ।




