ওয়েব ডেস্ক: লক্ষ্য ভাগ্য বদলানো। সেই আশায় নকল লটারির টিকিট নিয়ে পুলিশের জালে এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে। ৫ হাজার টাকার নকল টিকিট নিয়ে টাকা নিতে গিয়ে বিপাকে উত্তর ২৪ পরগনার বাসিন্দা শুভঙ্কর মজুমদার। ধৃতকে ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বর্ধমান আদালতে পেশ করেছে পুলিশ।
জানা গিয়েছে, বুধবার খণ্ডঘোষ থানার মোড়ে এক লটারির দোকানে একটি টিকিট নিয়ে আসে ওই ব্যক্তি। টিকিটটি দেখে সন্দেহ হয় দোকানদারের। তাঁর মনে হয়, টিকিটটি নকল। প্রায় ৫ হাজার টাকার টিকিট সেটি। দোকানদার টিকিটটি ভালো করে পরীক্ষা করে দেখে আসল জালিয়াতি ধরা পড়ে। এরপরেই অভিযুক্তকে আটকে জিজ্ঞাসাবাদ করা হয়। জেরার মুখে নিজেই জালিয়াতির কথা স্বীকার করে সে।
এই প্রথমবার নয়, এর আগেও একবার একই কায়দায় জালিয়াতি করেছিল সে। সেই সময় ১ লক্ষ টাকা জালিয়াতি করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সেবার পালিয়ে গিয়েছিল সে। কিন্তু এবার আর শেষ রক্ষা হলনা। ৫ হাজার টাকা আত্মসাৎ করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে সে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় খণ্ডঘোষ থানার পুলিশ। প্রতারণা চালানোর নেপথ্যে একটি বড়সড় আন্তঃজেলা জাল লটারি চক্র সক্রিয় রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা। এই ঘটনার সঙ্গে অন্য কারা জড়িত রয়েছে জানতে চাইছে তদন্তকারীরা। ধৃতকে ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বর্ধমান আদালতে পেশ করা হয়েছে।




