ওয়েব ডেস্কঃ বিহারের রাজনীতিতে ফের ক্ষমতার সমীকরণ বদলের জল্পনা। প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ছেলে নিশান্ত কুমারকে উপমুখ্যমন্ত্রী করার দাবিতে বিজেপির উপর চাপ বাড়াচ্ছে জেডিইউ। দলের অন্দরে এই দাবি ক্রমশ জোরালো হচ্ছে বলে খবর। সূত্রের খবর, বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর মন্ত্রিসভায় রদবদল হলে নিশান্তকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার প্রস্তাব সামনে আসতে পারে।
বর্তমানে বিহারে বিজেপির নেতৃত্বাধীন সরকারে জেডিইউয়ের দুই উপমুখ্যমন্ত্রী বিজেন্দ্র প্রসাদ যাদব এবং বিজয় কুমার চৌধুরী রয়েছেন। নিশান্ত বর্তমানে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন। তাঁকে একক উপমুখ্যমন্ত্রী করার সম্ভাবনা নিয়েও রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।
উল্লেখ্য, নীতীশ কুমার রাজ্যসভায় যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই জেডিইউয়ের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। দলের সাংগঠনিক শক্তি ধরে রাখা এবং নীতীশের রাজনৈতিক উত্তরাধিকার সুনিশ্চিত করার ক্ষেত্রে নিশান্তকে সামনে আনার চেষ্টা চলছে।
তবে এই বিষয়ে বিজেপি বা জেডিইউয়ের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। ফলে মন্ত্রিসভায় রদবদল এবং নিশান্তের পদোন্নতি নিয়ে জল্পনা থাকলেও চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে। দুই শরিকের ক্ষমতার ভারসাম্যে এই সম্ভাব্য পরিবর্তন কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।




