ওয়েব ডেস্ক: আলোর উৎসবে মেতেছে গোটা বিশ্ব। উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই সেজে উঠেছে আলোর মালায়। প্রদীপ-মোমবাতি-এলইডি লাইট থেকে সবরকমের আলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছে বিশ্বের কোনা কোনা। পাশাপাশি আনন্দের সঙ্গে ফেটেছে বাজিও। এই আনন্দের মধ্যেও রয়েছে অশনি সংকেত। আনন্দের সঙ্গে দেদার বাজি পোড়ানোয়, দিল্লিতে বেড়েছে বায়ুদূষণ। উৎসবের পরের দিনেই তা পৌঁছে গিয়েছে বিপজ্জনক স্তরে।
প্রতিবছরই দীপাবলির পরের দিনে দিল্লি সহ দেশের বড় বড় শহরগুলোতে দূষণের মাত্রা বৃদ্ধি পায়। এবারও তাঁর অন্যথা হয়নি। সোমবার সকাল থেকে ধোঁয়ার চাদরে ঢেকেছে দিল্লির রাজপথ। শ্বাস নিতেও কষ্ট হচ্ছে দিল্লিবাসীর। বাতাসে পোড়া বারুদের গন্ধ। রাত ১০টার মধ্যেই ৫৯টি জায়গায় বাতাসের গুণমান পৌঁছে গিয়েছে ৪০০ তে।
ঘন ধোঁয়াশায় ঢেকেছে দিল্লির বিভিন্ন এলাকা ও প্রধান রাস্তাগুলি। শ্বাস নিতে সমস্যায় পড়েন পথচারী ও যাত্রীরা। তাঁদের অনেকেই মাথাব্যথা এবং চোখ জ্বালার অভিযোগ করেন। দিল্লিতে বাতাসের গুণমান অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতিতে পৌঁছে গিয়েছে। দিল্লির বিস্তির্ণ এলাকায় সাদা ধোঁযাশা দেখতে পাওযা গিয়েছে। সোনিয়া বিহারে বাতাসের গুণমান ৪৪৯ রেকর্ড করা হয়েছে। পাশাপাশি বুরারি ক্রসিংয়ে ৪৪৫ এবং বিবেক বিহারের গুণমান ৪৪১। জাহাঙ্গীরপুরীতে একিউআই ছিল ৪৩৯।




