ওয়েব ডেস্ক: বিজেপির দখলে ইংরেজবাজার পুরসভা। কিন্তু নতুন পুরবোর্ডের গুরুত্বপূর্ণ পদগুলিতে প্রাধান্য প্রাক্তন তৃণমূল কাউন্সিলরদেরই। পুরবোর্ড গঠনের পর দায়িত্ব বণ্টনে সেই ছবিই স্পষ্ট হয়ে উঠেছে মালদায়। তৃণমূল ছেড়ে নির্দল হওয়া চার কাউন্সিলরকে সঙ্গে নিয়েই পূর্ণাঙ্গ বোর্ড সাজিয়েছে বিজেপি।
পুরসভার ভাইস চেয়ারম্যান করা হয়েছে তৃণমূলের প্রতীকে জিতে আসা ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমালা আগরওয়ালকে। অন্যদিকে, ছ’জনের চেয়াম্যান ইন কাউন্সিলর্সের মধ্যে চারজনই প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। তাঁরা হলেন শুভময় বসু, উদয় চৌধুরী, পলি সরকার এবং প্রসেনজিৎ ঘোষ। অবশ্য বিজেপির সুতপা মুখোপাধ্যায় ও কৃষ্ণ নাথও এই কমিটিতে জায়গা পেয়েছেন।
গত ৭ অক্টোবর মাত্র তিনজন কাউন্সিলরকে সঙ্গে নিয়ে পুরবোর্ডের চেয়ারম্যান হয়েছিলেন বিজেপির অম্লান ভাদুড়ি। এবার পূর্ণাঙ্গ বোর্ডে দায়িত্ব বণ্টনের মাধ্যমে প্রশাসনিক কাজকর্ম এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে গেরুয়া শিবির। নতুন দায়িত্ব পাওয়া প্রাক্তন তৃণমূল কাউন্সিলরদের বক্তব্য, এলাকার উন্নয়নের স্বার্থেই তাঁরা দল ছেড়ে নির্দল হয়েছিলেন। নাগরিক পরিষেবা দেওয়ার ক্ষেত্রে দলীয় পরিচয় বাধা হওয়া উচিত নয়।
অন্যদিকে, দলত্যাগীদের নিশানা করেছে মমতা তৃণমূল। ওই দলের অভিযোগ, ক্ষমতা হারানোর আশঙ্কায় কাউন্সিলররা রাতারাতি দল বদলেছেন। আগামী পুরভোটে সাধারণ মানুষ এর জবাব দেবেন বলেও দাবি তাঁর। অর্থাৎ, বিজেপির পুরবোর্ড হলেও ক্ষমতার অলিন্দে প্রাক্তন তৃণমূলীদের প্রভাবই এখন আলোচনার কেন্দ্রে।




