ওয়েব ডেস্ক: দীপাবলির আলোয় নতুন রূপে সেজে উঠল উত্তরপ্রদেশের অযোধ্যা। সরযূ নদীর ঘাট থেকে রামমন্দির চত্বর—সর্বত্র প্রদীপের ঝলমলে আলোয় তৈরি হল এক অপরূপ দৃশ্য। দশম দীপোৎসব উপলক্ষে এ বার অযোধ্যায় জ্বালানো হয়েছে ৩০ লক্ষেরও বেশি মাটির প্রদীপ। উৎসবের আলোয় কার্যত আলোকমালায় মুড়ে গিয়েছে গোটা রামনগরী।
দীপোৎসবের প্রধান আকর্ষণ ছিল সরযূ নদীর তীরে রাম কি পৈড়ি ঘাটের আলোকসজ্জা। হাজার হাজার প্রদীপের সারি সন্ধ্যায় একসঙ্গে জ্বলে উঠতেই তৈরি হয় মনোমুগ্ধকর দৃশ্য। এই বিশাল আয়োজন সফল করতে অংশ নিয়েছিলেন ৩৫ হাজারেরও বেশি স্বেচ্ছাসেবক। সকাল থেকেই প্রদীপে তেল ভরা, সলতে বসানো এবং ঘাটজুড়ে সেগুলি সাজানোর কাজ চলে। রামমন্দির চত্বরেও জ্বালানো হয়েছে এক লক্ষ মাটির প্রদীপ। পাশাপাশি ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা। সাকেত কলেজ থেকে বের হওয়া শোভাযাত্রায় রামায়ণের সাতটি কাণ্ডের বিভিন্ন ঘটনা তুলে ধরা হয়। রামকথা পার্কে রাম, সীতা ও লক্ষ্মণের রাজ্যাভিষেকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
এ বারের উৎসবে যুক্ত হয়েছে আধুনিক প্রযুক্তিও। শহরজুড়ে বসানো হয়েছে ৫০টি ডিজিটাল স্তম্ভ। নিরাপত্তায় মোতায়েন ছিলেন আড়াই হাজারেরও বেশি পুলিশকর্মী। ঐতিহ্য, ধর্মীয় আবেগ এবং আধুনিক আলোকসজ্জার মেলবন্ধনে দশম দীপোৎসবে অন্য মাত্রা পেল অযোধ্যা।




