HomeBig Breakingএক সাংসদের দাম ১৫০ কোটি! ডিলিমিটেশন বিল ঘিরে তোলপাড় সংসদীয় রাজনীতি,...

এক সাংসদের দাম ১৫০ কোটি! ডিলিমিটেশন বিল ঘিরে তোলপাড় সংসদীয় রাজনীতি, অস্বস্তিতে বিজেপি

মোদি সরকারকে নিশানা সঞ্জয় রাউতের

ওয়েব ডেস্ক: সীমানা পুনর্বিন্যাস বিল বা ডিলিমিটেশন বিল ঘিরে জাতীয় রাজনীতিতে নতুন করে বিতর্কের আগুন জ্বালালেন শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে) সাংসদ সঞ্জয় রাউত। তাঁর বিস্ফোরক অভিযোগ, প্রস্তাবিত বিল সংসদে পাস করাতে বিরোধী ও ছোট দলের সাংসদদের মাথাপিছু ১৫০ কোটি টাকা পর্যন্ত দেওয়ার প্রস্তাব দিচ্ছে বিজেপি। ছত্রপতি সম্ভাজীনগরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই অভিযোগ করেন তিনি। যদিও তাঁর বক্তব্যের সমর্থনে কোনও নির্দিষ্ট প্রমাণ বা সংশ্লিষ্ট সাংসদদের নাম প্রকাশ করেননি রাউত।

রাউতের দাবি, দু’দিন আগেও সাংসদপিছু ১০০ কোটি টাকার প্রস্তাব ছিল। পরে সেই অঙ্ক বাড়িয়ে ১৫০ কোটি করা হয়েছে। মহারাষ্ট্রের কয়েকজন প্রভাবশালী নেতাকে এই অর্থের ব্যবস্থা এবং সাংসদদের সমর্থন আদায়ের দায়িত্ব দেওয়া হয়েছে বলেও অভিযোগ তাঁর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ঘনঘন মুম্বই সফর নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর কটাক্ষ, রাজনীতিকে কার্যত কেনাবেচার বাজারে পরিণত করা হয়েছে। এই পরিস্থিতিকে তিনি ‘পলিটিক্যাল ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ’ বলে উল্লেখ করেছেন।

অন্যদিকে, বিজেপি নেতা তথা মহারাষ্ট্রের মন্ত্রী গিরিশ মহাজন রাউতের অভিযোগকে শিশুসুলভ বলে উড়িয়ে দিয়েছেন। ফলে অভিযোগ- পাল্টা অভিযোগে উত্তপ্ত হয়েছে মহারাষ্ট্রের রাজনীতি।

প্রসঙ্গত, গত ১৭ এপ্রিল লোকসভায় সংবিধান সংশোধনী বিল প্রয়োজনীয় বিশেষ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় আটকে যায়। প্রস্তাবিত সীমানা পুনর্বিন্যাসের সঙ্গে লোকসভায় আসনসংখ্যা বৃদ্ধি এবং মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণ কার্যকরের প্রশ্নও জড়িয়ে রয়েছে। বিরোধীদের আশঙ্কা, এই প্রক্রিয়ায় রাজ্যগুলির রাজনৈতিক প্রতিনিধিত্বের ভারসাম্য বদলে যেতে পারে। সব মিলিয়ে, সংসদে সংখ্যার অঙ্ক, রাজনৈতিক সমর্থন এবং সাংবিধানিক ভারসাম্য—তিনটি প্রশ্নকে ঘিরেই নতুন সংঘাতের কেন্দ্রে উঠে এসেছে সীমানা পুনর্বিন্যাস।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments