HomeScrollএনসিপির দুটি গোষ্ঠীর পুনর্মিলনের জল্পনা খারিজ করে দিল দুই পক্ষের নেত্রী

এনসিপির দুটি গোষ্ঠীর পুনর্মিলনের জল্পনা খারিজ করে দিল দুই পক্ষের নেত্রী

বিভেদ ভুলে এনসিপি-র দুই গোষ্ঠী এক ছাতার তলায় আসতে পারে!

নয়াদিল্লি: মহারাষ্ট্রের এনসিপির দুটি গোষ্ঠীর পুনর্মিলনের জল্পনা সরাসরি খারিজ করে দিয়েছেন দুই পক্ষের নেত্রী সুপ্রিয়া সুলে ও সুনেত্রা পাওয়ার। এনসিপির শরদ গোষ্ঠীর নেত্রী সুপ্রিয়া সুলে স্পষ্ট জানিয়েছেন যে, তাঁর ভাই অজিত পাওয়ারের মৃত্যুর পরই দুই গোষ্ঠীর একত্রীকরণের আলোচনায় ইতি টানা হয়েছে। তাঁর দলের কাছে পুনর্মিলনের কোনও প্রস্তাব আসেনি।

চলতি বছরের জানুয়ারি মাসে মহারাষ্ট্রের পুরসভা নির্বাচনের সময় থেকেই দুই গোষ্ঠীর জোট বাঁধার জল্পনা শোনা যায়। দলের শীর্ষ নেতৃত্বের দাবি ছিল, অজিত পওয়ার জীবিত থাকাকালীন কাকা শরদ পওয়ারের সঙ্গে দুই গোষ্ঠীর জোট নিয়ে কথা এগিয়েছিলেন। কিন্ত, বিমান দুর্ঘটনায় অজিতের মৃত্যু হওয়ায় সেই আলোচনা আর এগোয়নি। অজিত-গোষ্ঠীর প্রবীণ নেতা প্রফুল্ল পটেল বর্ষীয়ান নেতা শরদ পওয়ারের সঙ্গে দেখা করায় নতুন করে রাজনৈতিক সমীকরণের জল্পনা ছড়ায়। তবে মহারাষ্ট্রের এনসিপির সভাপতি সুনীল তটকরে দাবি করেছিলেন যে, অজিত পাওয়ার জীবিত থাকাকালীন পুনর্মিলন হওয়ার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা ছিল, কিন্তু তাঁর অকালমৃত্যুর পর সেই সম্ভাবনা থমকে গিয়েছে। অজিত পাওয়ারের মৃত্যুর পর থেকেই রাজনৈতিক মহলে জল্পনা চলছিল, পারিবারিক ও রাজনৈতিক বিভেদ ভুলে এনসিপি-র দুই গোষ্ঠী আবার এক ছাতার তলায় আসতে পারে।

আরও পড়ুন

২৩ নভেম্বর মোদি মন্ত্রিসভায় রদবদলের জল্পনা, নতুন মুখের অপেক্ষায় জাতীয় রাজনীতি

শনিবার সেই জল্পনা নস্যাৎ করে সুপ্রিয়া বলেন, ‘আমার ভাই অজিত বেঁচে থাকা পর্যন্ত দলের দুই গোষ্ঠীর সংযুক্তি নিয়ে আলোচনা হয়েছিল। যে দিন ও আমাদের ছেড়ে চলে গেল, সে দিনই ওই আলোচনায় পুরোপুরিই পড়ে গিয়েছে। অজিত পওয়ারের মৃত্যুর পর তাঁর গোষ্ঠীর নেতৃত্ব পেয়েছেন স্ত্রী সুনেত্রা পওয়ার। তিনি এই একত্রীকরণের বিরোধিতা করে মহারাষ্ট্রের ‘মহাজুটি’ নেতাদের জানিয়ে দিয়েছেন, শরদ পওয়ারের গোষ্ঠী চাইলে একটি স্বাধীন দল হিসেবে এনডিএ জোটে যোগ দিতেই পারে। কিন্তু দুই গোষ্ঠীর জোট বাঁধা সম্ভব নয়।

অন্যদিকে, বিরোধী ঐক্যকে দুর্বল করে শরদ পওয়ারের দলকে এনডিএ জোটে টানতে বিজেপি উদ্যোগী হয়েছে বলে খবর। এই লক্ষ্যেই দিন দশেক আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন অজিত শিবিরের প্রফুল প্যাটেল, ছগন ভুজবল, ধনঞ্জয় মুন্ডে, সুনীল তটকরে এবং দিলীপ ওয়ালসে প্যাটেলের মতো শীর্ষ নেতারা। ওই বৈঠকে ছিলেন না প্রয়াত অজিত পওয়ারের স্ত্রী তথা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী সুনেত্রা পওয়ার এবং ছেলে পার্থ পওয়ার। সূত্রের খবর, তাঁদের বাদ দিয়েই শরদ পওয়ারের দলের সঙ্গে সংযুক্তিকরণ এবং বিজেপির নেতৃত্বাধীন এনডিএ-তে যোগ দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments