ওয়েব ডেস্ক : বঙ্গোপসাগরে তৈরি হওয়া শক্তিশালী ঘূর্ণিঝড় ‘আকভান’-এর সম্ভাব্য গতিপথ ও আবহাওয়ার পরিস্থিতি বিশ্লেষণ করে দক্ষিণবঙ্গের জন্য বৃষ্টির পূর্বাভাস দেওয়া হচ্ছে। ১৯ থেকে ২১ নভেম্বর কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী এবং বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
সর্বশেষ বিশ্লেষণ অনুযায়ী, ঘূর্ণিঝড়টি উত্তর অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে ওড়িশার পারাদ্বীপ উপকূলের মধ্যবর্তী অঞ্চলে অতিক্রম করতে পারে। পরবর্তীতে সিস্টেমটি উপকূল ঘেঁষে পশ্চিমবঙ্গের দিকে শক্তিশালী নিম্নচাপ হিসেবে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টিপাতের পাশাপাশি ঝোড়ো হাওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে।
সমুদ্র উত্তাল থাকার আশঙ্কা রয়েছে। তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। ৭ জেলায় সতর্কতা জারি করা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে পশ্চিমবঙ্গেও। ১৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত বাংলার বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।




