ওয়েব ডেস্ক : পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর সংগঠনকে আরও মজবুত করতে এবার নিচুতলায় বড়সড় পরিবর্তনের পথে হাঁটতে চলেছে বিজেপি। দলীয় শৃঙ্খলা বজায় রাখা, গোষ্ঠীদ্বন্দ্ব ও দলবিরোধী কার্যকলাপ ঠেকানো এবং সংগঠনে নতুন মুখ তুলে আনাই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানা যাচ্ছে।
ইতিমধ্যেই শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে দল ব্যবস্থা নিয়েছে। শোকজ, সতর্কবার্তা, সাসপেন্ড থেকে বহিষ্কারও করা হয়েছে। কিন্তু তারপরও তোলাবাজি-দখলদারি নিয়ে নিচুতলায় অভিযোগ বেড়েছে।
নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়, বদলাবে বাংলার আবহাওয়া? কবে থেকে শুরু বৃষ্টি?
যাঁদের নতুন করে পদে নিয়ে আসা হবে, তাঁদের ভাবমূর্তিও স্বচ্ছ হবে। আর সেই পথে হাঁটতে সাংগঠনিক নিয়মমতো দ্রুত আগে মণ্ডল ও পরে বুথস্তরে নতুন কমিটি তৈরি করে নিতে চাইছে বঙ্গ বিজেপি। একইসঙ্গে উদ্দেশ্য, দলের নিচুতলার রাশ শক্ত হাতে ধরে রাখা।
পশ্চিমবঙ্গে সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করে তোলা এখন বিজেপির লক্ষ্য। ২০২৬ সালে রাজ্যে ক্ষমতার পালাবদলের পর তৃণমূলের বিভিন্ন স্তর থেকে বহু নেতা-কর্মীর বিজেপিতে যোগদানের প্রবণতা দেখা গিয়েছে বলে দাবি গেরুয়া শিবিরের একাংশের। তাঁদের মধ্যে কারা সংগঠনের উপযুক্ত, তা নিয়েও প্রশ্ন উঠেছে। নিচুতলায় ক্ষমতার অপব্যবহার ও গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগও নেতৃত্বের অস্বস্তি বাড়িয়েছে।




