ওয়েব ডেস্ক: গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে রতন শেখ নামে এক ব্যক্তিকে আটক করে বীরভূম জেলা পুলিশ। খতম শান্তিনিকেতনে কনস্টেবলকে গুলির ঘটনায় ধৃত রতন শেখ। রবিবারই তাঁর গ্রেপ্তারির খবর সামনে আসে। তার কয়েকঘণ্টার মধ্যেই এনকাউন্টারের খবর। পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের সময় অপরাধের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে রতন শেখ। পাশাপাশি, তাঁর লুকিয়ে রাখা আগ্নেয়াস্ত্রের সন্ধানও দেয় সে।
এরপর নানুর থানার অন্তর্গত উচকরণ বোল্ড ব্রিক ফিল্ড এলাকায় আগ্নেয়াস্ত্র উদ্ধারের জন্য তাকে নিয়ে আসে পুলিশ। সেই সময় লুকিয়ে রাখা আগ্নেয়াস্ত্র উদ্ধারের অভিযানের মধ্যেই পুলিশকর্মীদের লক্ষ্য করে গুলি চালায় রতন শেখ বলে অভিযোগ। গুলি এসে লাগে পুলিশের গাড়িতে। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশ। পুলিশের পাল্টা গুলিতে আহত হয় রতন শেখ।
এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “বাংলায় ধর্ষক, খুনিদের কোনও জায়গা নেই। পুলিশকে গুলি করলে, যা করার সেটাই করবে। গুণ্ডারা বাংলাদেশ পালাও। এখানে থাকলে যা করার তাই করব।”
পশ্চিমবঙ্গ পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক টাইমস নাওকে জানিয়েছেন, আহত অবস্থায় রতন শেখকে নানুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে বিকেল ৫টা ৪৫ মিনিটে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি, আইন অনুযায়ী পরবর্তী সমস্ত আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।




