ওয়েব ডেস্ক : ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড়। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি ইতিমধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। সোমবার সন্ধের মধ্যেই এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
রবিবার রাত সাড়ে ১১টায় IMD-র প্রকাশিত বুলেটিন অনুযায়ী,আগের ছ’ঘণ্টায় গভীর নিম্নচাপটি প্রতি ঘণ্টায় ৮ কিলোমিটার বেগে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। ওই সময়ে শ্রীলঙ্কার ত্রিঙ্কোমালি থেকে থেকে প্রায় ৬৪০ কিলোমিটার পূর্ব ও উত্তর-পূর্ব দিকে, চেন্নাই থেকে ৭৬০ কিলোমিটার পূর্ব ও দক্ষিণ-পূর্বে, বিশাখাপত্তনম থেকে ৮৭০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকে এবং ওডিশার গোপালপুর থেকে প্রায় ৯৮০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকে অবস্থান করছে। যদিও, ঘূর্ণিঝড়টির ল্যান্ডফল কোথায় হবে তা এখনও স্পষ্ট জানায়নি আবহাওয়া দপ্তর।
শক্তি সঞ্চয় করতে করতে সেটি পরবর্তী দু’দিনে অন্ধ্রপ্রদেশের উপকূলের কাছে পৌঁছোবে। সেখানেই আছ়ড়ে পড়বে অতি তীব্র ঘূর্ণিঝড় রূপে। ওই সময় ঝড়ের গতি থাকতে পারে ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার। দমকা হাওয়ার বেগ পৌঁছে যেতে পারে ১৪৫ কিলোমিটারেও।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। উত্তরবঙ্গে বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই। চলতি সপ্তাহে আবহাওয়া মোটের উপরে শুকনো থাকার সম্ভাবনা রয়েছে।




