ওয়েব ডেস্ক: কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র। এখনও সম্পূর্ণ বিপন্মুক্ত নন তিনি। নতুন করে শারিরীক অবস্থার অবনতি না হলেও উন্নতিও খুব বেশি হয়নি বলেই জানা গিয়েছে। তাঁর অবস্থা নিয়ে দিনভর প্রশ্ন ঘোরাফেরা করছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বিষক্রিয়া থেকে এই ঘটনা। কিন্তু কীভাবে ঘটল গোটা ঘটনাটি?
শনিবার রাতে হিঙ্গলগঞ্জের বাড়িতে আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় বসিরহাট হাসপাতালে। সেখানে ভর্তি করার পরে পরিস্থিতি খারাপ হতেই বিধায়ককে নিয়ে আসা হয়েছে কলকাতায়। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সিটি স্ক্যানের রিপোর্টে ধরা পড়েছে, বিষক্রিয়ার ফলে বিধায়কের মুখের মধ্যে অতিরিক্ত লালারস জমে গিয়েছিল এবং রোগী পুরোপুরি সচেতন না থাকায় সেটি ফুসফুসে ঢুকে অক্সিজেন সরবরাহে বাধা তৈরি করছে। বিধায়কের রক্তচাপ, ক্রিয়েটিনিন ও ইউরিয়ার মাত্রা বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। তবে শরীরে পটাশিয়ামের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি রয়েছে।
পুলিশ সূত্রে খবর, কিছুদিন ধরে পরিবারের সদস্যদের সঙ্গে রেখা পাত্রের বিবাদ চলছিল। গত কয়েকমাস ধরে হিঙ্গলগঞ্জে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকছিলেন। কী কারণে এই ঘটনা ঘটেছে তার তদন্ত শুরু হয়েছে। শেখ শাহজাহানের বিরুদ্ধে সন্দেশখালিতে গড়ে ওঠা আন্দোলনের অন্যতম প্রধান মুখ ছিলেন রেখা পাত্র। লোকসভা নির্বাচনে বিজেপি তাঁকে বসিরহাট কেন্দ্র থেকে প্রার্থী করেছিল। তবে সেই ভোটে পরাজিত হওয়ার পর ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে দল তাঁকে হিঙ্গলগঞ্জ থেকে টিকিট দেয় এবং সেখান থেকে জয়লাভ করে বিধায়ক হন তিনি।




