HomeBig Breaking'মোদির বাবা’ মন্তব্যে রাজনৈতিক ঝড়, খাড়গের বিরুদ্ধে থানায় অভিযোগ

‘মোদির বাবা’ মন্তব্যে রাজনৈতিক ঝড়, খাড়গের বিরুদ্ধে থানায় অভিযোগ

গ্রেপ্তার হবেন খাড়গে?

ওয়েব ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাবা সম্পর্কে বিতর্কিত মন্তব্যের জেরে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন বিহারের এক বিজেপি নেতা। রবিবার পাটনার কোতোয়ালি থানায় অভিযোগ জমা দেন বিজেপির রাজ্য কর্মসমিতির সদস্য কৃষ্ণকুমার সিং। খাড়গের মন্তব্যের তদন্ত করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপের আর্জি জানিয়েছেন তিনি। পাশাপাশি ২৪ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিও উঠেছে।

পাটনায় বিহারের প্রথম মুখ্যমন্ত্রী শ্রীকৃষ্ণ সিংহের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন খাড়গে। সেখানে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) এবং বিজেপির বিরুদ্ধে সরব হন তিনি। কংগ্রেস সভাপতি অভিযোগ করেন, ভোটার তালিকা সংশোধনের নামে বিরোধী সমর্থকদের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে। এই প্রক্রিয়ায় অনিয়মের জন্য দায়ীদের জেলে পাঠানোর কথাও বলেন তিনি।

সেই সময় দর্শকাসন থেকে এক ব্যক্তি মন্তব্য করেন, প্রধানমন্ত্রী মোদিকে ক্ষমতা থেকে সরানো যাবে না। তার জবাবে খড়্গে বলেন, “মোদির বাবাও চলে যাবেন।” এই মন্তব্য ঘিরেই রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিজেপির অভিযোগ, প্রধানমন্ত্রীর পরিবারকে নিয়ে এমন মন্তব্য রাজনৈতিক শালীনতার পরিপন্থী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ বিজেপির একাধিক নেতা খড়্গের বক্তব্যের সমালোচনা করেছেন। সোমবার দেশজুড়ে প্রতিবাদেরও ডাক দিয়েছে দল।

অন্য দিকে, কংগ্রেসের বক্তব্য, খাড়গের মন্তব্যের প্রেক্ষাপট বিবেচনা করা প্রয়োজন। দলের দাবি, অনুষ্ঠানে এক ব্যক্তি খাড়গের প্রয়াত বাবাকে নিয়ে কটূক্তি করেছিলেন। তারই জবাবে তিনি প্রধানমন্ত্রীর ‘আদর্শগত পিতা’ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘকে (RSS) নিশানা করেছিলেন, মোদির প্রয়াত বাবাকে নয়। পুলিশ জানিয়েছে, ঘটনাটি গান্ধী ময়দান থানার এক্তিয়ারভুক্ত হওয়ায় অভিযোগটি সংশ্লিষ্ট থানায় পাঠানো হচ্ছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ কী হবে, তা এখনও স্পষ্ট নয়।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments