ওয়েব ডেস্ক: কালীপুজো ও ছটপুজোর উৎসবের মরশুমে বাড়ি ফেরার পরিকল্পনা করছেন? তাহলে বিমানের টিকিট কাটার আগে পকেটের কথা দু’বার ভাবতে হবে। কারণ, উৎসবের মরশুমে এক ধাক্কায় কয়েক গুণ বেড়ে গিয়েছে বিমানভাড়া। পরিস্থিতি এমনই যে, দিল্লি থেকে কলকাতা আসার বিমানের টিকিটের দাম ছাড়িয়ে গিয়েছে ৭৮ হাজার টাকা! যে রুটে সাধারণ সময়ে ১০-১১ হাজার টাকায় বিমানে যাতায়াত করা যায়, সেখানেই এখন গুনতে হচ্ছে প্রায় সাত গুণ বেশি।
প্রকাশিত তথ্য অনুযায়ী, আগামী ৬ নভেম্বর দিল্লি-কলকাতা রুটের একটি বিমানের টিকিটের দাম পৌঁছেছে ৭৮,৬৯৪ টাকায়। সাধারণ সময়ে এই রুটে টিকিটের দাম থাকে প্রায় ১১,০০০ টাকার আশপাশে। অর্থাৎ, উৎসবের মরশুমে বাড়ি ফেরার খরচ কার্যত মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে।
আরও পড়ুন
বঙ্গে কবে শীতের এন্ট্রি? একাধিক জায়গায় তাপমাত্রা অনেকটাই নামল
শুধু দিল্লি-কলকাতা নয়, দেশের একাধিক গুরুত্বপূর্ণ বিমানপথেও ভাড়ার অস্বাভাবিক বৃদ্ধি নজরে এসেছে। দিল্লি- হায়দরাবাদ রুটে ৮,৯৩৫ টাকার টিকিট বেড়ে হয়েছে ২৭,৮৯৫ টাকা। দিল্লি- আমদাবাদ রুটে ৬,১২১ টাকা থেকে ভাড়া পৌঁছেছে ২৩,৪১৩ টাকায়। মুম্বই-দিল্লি রুটে ১১,৫৩১ টাকার টিকিটের দাম হয়েছে ৬০,৫৭৭ টাকা। বেঙ্গালুরু-দিল্লি রুটেও ১৫,৯০১ টাকার ভাড়া বেড়ে দাঁড়িয়েছে ৪০,৫০৬ টাকায়।
বিমানভাড়ার এই বৃদ্ধির পিছনে উৎসবের মরশুমে যাত্রীর চাহিদা বৃদ্ধি অন্যতম কারণ। দীপাবলি ও ছট উপলক্ষে বিপুল সংখ্যক মানুষ বাড়ি ফেরার পরিকল্পনা করায় নির্দিষ্ট তারিখের টিকিটের চাহিদা বেড়েছে। পাশাপাশি কম দামের আসন দ্রুত শেষ হয়ে যাওয়ায় অবশিষ্ট আসনের ভাড়া বাড়ছে।
তবে এই ভাড়া স্থায়ী নয়। বিমান সংস্থা, আসনের প্রাপ্যতা এবং বুকিংয়ের সময় অনুযায়ী টিকিটের দাম পরিবর্তিত হতে পারে। ফলে উৎসবের মরশুমে বিমানযাত্রা করতে হলে আগাম পরিকল্পনাই আপাতত ভাড়া নিয়ন্ত্রণের অন্যতম উপায়।




