HomeBig Breakingসুপ্রিম কোর্টের নির্দেশে পিছোল শুনানি, জোড়াফুলের দখলযুদ্ধে পুরভোটেও কি আলাদা প্রতীকেই লড়বে...

সুপ্রিম কোর্টের নির্দেশে পিছোল শুনানি, জোড়াফুলের দখলযুদ্ধে পুরভোটেও কি আলাদা প্রতীকেই লড়বে দুই তৃণমূল?

দুই শিবিরের যৌথ শুনানি স্থগিত করে দিল জাতীয় নির্বাচন কমিশন

ওয়েব ডেস্ক:  তৃণমূল কংগ্রেসের স্বত্ব ও নির্বাচনী প্রতীক নিয়ে বিবাদে আপাতত নিষ্পত্তির কোনও সম্ভাবনাই দেখা যাচ্ছে না। প্রত্যাশিত ভাবেই দুই শিবিরের যৌথ শুনানি স্থগিত করে দিল জাতীয় নির্বাচন কমিশন।

শুক্রবার দিল্লির নির্বাচন সদনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন মমতা-তৃণমূল এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসকে শুনানিতে ডাকা হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার রাতে দুই শিবিরের নেত্রী ও নেতাকে যৌথ নোটিস পাঠিয়ে কমিশন জানিয়ে দিয়েছে, সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশের পরিপ্রেক্ষিতে শুনানি আপাতত স্থগিত রাখা হচ্ছে। পরবর্তী শুনানির দিন পরে ঘোষণা করা হবে।

উল্লেখ্য, এর আগে কমিশন দুই শিবিরকেই ২৬ অক্টোবরের মধ্যে নিজেদের দাবির সমর্থনে প্রয়োজনীয় নথি জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল। কিন্তু ওই দিনই অতিরিক্ত সময় চেয়ে গণতান্ত্রিক তৃণমূলের আবেদনের শুনানি হয় সুপ্রিম কোর্টে। দু’পক্ষের বক্তব্য শোনার পর সর্বোচ্চ আদালত নথি জমা দেওয়ার জন্য দুই শিবিরকেই ১০ দিন করে অতিরিক্ত সময় দিয়েছে। সেই সময়সীমা শেষ হওয়ার আগে কমিশনের পক্ষে শুনানি এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় বলেই এই সিদ্ধান্ত।

আরও পড়ুন 

ভুটানে হিমবাহ সৃষ্ট হ্রদ ভেঙে বিপর্যয়, বান, বন্যার আশঙ্কা অসম ও বাংলার একাংশেও

ইতিমধ্যেই দুই শিবিরের একাধিক নথি দিল্লিতে পৌঁছেছে। তবে শুনানি পিছিয়ে যাওয়ায় কলকাতা ও হাওড়ার পুরভোটের আগে প্রতীক-বিবাদের নিষ্পত্তি নিয়ে অনিশ্চয়তা আরও বাড়ল।সেক্ষেত্রে পুরভোটে মমতা-তৃণমূলকে ফুটবল খেলোয়াড়ের প্রতীক এবং গণতান্ত্রিক তৃণমূলকে খাম চিহ্ন নিয়েই লড়তে হতে পারে। নন্দীগ্রাম ও রেজিনগরের উপনির্বাচনেও দুই শিবিরকে পৃথক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছিল। পুরভোটেও সেই পরিস্থিতির পুনরাবৃত্তির সম্ভাবনা ক্রমশ জোরালো হচ্ছে।

আপাতত জোড়াফুলের দখল নিয়ে দুই শিবিরের লড়াইয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে কমিশনের পরবর্তী শুনানি পর্যন্ত।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments