কলকাতা: দিল্লি জয় করে কলকাতায় ফিরেই তিন দিনের ছুটি পেলেন মোহনবাগানের ফুটবলাররা। টানা ম্যাচ খেলার ধকল কাটিয়ে ফুটবলারদের সতেজ করে তুলতেই পুজোর মধ্যে এই বিশ্রাম দিল ম্যানেজমেন্ট। আগামী বুধবার থেকে ফের অনুশীলনে নামবে সবুজ-মেরুন শিবির। আগামী ২৬ অক্টোবর ঘরের মাঠে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে পরের ম্যাচ খেলবে মোহনবাগান।
গত ন’দিনে তিনটি ম্যাচ খেলেছেন ফুটবলাররা। তাই চেন্নাইয়িন ম্যাচের আগে হাতে পাওয়া কয়েকটা দিন দলের হালকা চোট পাওয়া ফুটবলারদের ফিট করে তোলার কাজে লাগাতে চান কোচ দিলেমপেরিস। শুক্রবারের ম্যাচে মিগুয়েল ফিগুয়েরা চোট পেলেও তা গুরুতর নয় বলেই খবর।
এদিকে, চেন্নাইয়িন ম্যাচের আগে জেমি ম্যাকলারেনকে নিয়েও আশাবাদী মোহনবাগান শিবির। চোটের কারণে আইএসএলের প্রথম দু’টি ম্যাচে মাঠে নামতে পারেননি এই তারকা স্ট্রাইকার। তবে হাতে পর্যাপ্ত সময় থাকায় ম্যাকলারেনকে ফিট করে তোলার চেষ্টা চলছে। তিনি দলে ফিরলে আক্রমণভাগ যে আরও শক্তিশালী হবে তা বলার অপেক্ষা রাখে না।
তবে গত দু’টি ম্যাচে একাধিক সহজ সুযোগ নষ্ট করা চিন্তা বাড়াচ্ছে কোচের। যদিও আপাতত দিল্লি ম্যাচে গোল করে আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন মিগুয়েল ফিগুয়েরাও। দ্বিতীয় ম্যাচে জয় পাওয়ায় দলের উপর থেকে চাপ অনেকটাই কমেছে। এবার চেন্নাইয়িনের বিরুদ্ধে ঘরের মাঠে সেই জয়ের ধারা বজায় রাখাই লক্ষ্য সবুজ-মেরুনের।




