ওয়েব ডেস্ক: চোরবাগান দুর্ঘটনার পর কলকাতার দুর্গাপুজোর নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণে অভিজ্ঞ সাত আইপিএস আধিকারিককে জরুরি ভিত্তিতে দায়িত্বে ফেরানো হচ্ছে। শহরের বড় পুজোমণ্ডপগুলিতে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে তাঁদের বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে বলে খবর।
এই সাত আধিকারিকের তালিকায় রয়েছেন মুরলীধর শর্মা, রূপেশ কুমার, জাভেদ শামিম, ডিপি সিং, তরুণ হালদার, প্রিয়ব্রত রায় এবং দীপক সরকার। অতীতে পুজোর ভিড় সামলানোর অভিজ্ঞতা রয়েছে তাঁদের। এত দিন রাজ্যের বিভিন্ন দফতরের দায়িত্ব সামলাচ্ছিলেন তাঁরা। শনিবারের ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে তাঁদের কলকাতায় ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে বড় পুজো কমিটিগুলিকে একাধিক নির্দেশ দিয়েছে প্রশাসন। মণ্ডপে প্রবেশ ও বেরোনোর পথ প্রশস্ত রাখার পাশাপাশি ওই দুই পথে ফুডস্টল না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ভিড়ের চাপ সামলানো, দর্শনার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর নজর রাখাই এখন প্রধান লক্ষ্য।
দ্বিতীয় সপ্তমীর পর অষ্টমী ও নবমীতেও মণ্ডপে দর্শনার্থীদের ভিড় বাড়ার আশঙ্কা রয়েছে। সেই কথা মাথায় রেখে পুজো কমিটি ও আয়োজকদের আরও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। উৎসবের বাকি দিনগুলিতে নিরাপত্তা জোরদার করতেই অভিজ্ঞ এই সাত আইপিএসকে বিশেষ দায়িত্বে মোতায়েন করার সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।




