ওয়েব ডেস্ক: ফের এনকাউন্টার রাজ্যে! সাইবার প্রতারণা ও ডাকাতির মামলায় ফেরার অভিযুক্তকে ধরতে অভিযান চালিয়েছিল পুলিশ। অভিযানের সময়ে ফেরার অভিযুক্তকে দেখতে পায়। এই সময়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করে অভিযুক্ত। তারপরে বাধ্য হয়ে পুলিশও গুলি চালায়। অভিযুক্ত প্রতাপ দাসের সেই গুলি ডান পায়ে লাগে বলে জানা গিয়েছে। বর্তমানে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশ সূত্রে খবর, আসানসোল দক্ষিণ থানায় প্রতাপ এর নামে একটি সাইবার প্রতারণার মামলা দায়ের হয়েছিল। সেই অভিযোগেই তাকে গ্রেপ্তার করতে গিয়েছিল পুলিশ। বুধবার পুলিশকে দেখেই গুলি চালিয়ে পালিয়ে যায় সে। এরপরে এলাকার ইসমাইল এলাকাতে একজনের বাড়িতে লুকিয়ে ছিল সে। পুলিশ সূত্রের খবর পেয়ে অভিযুক্তের খোঁজে অভিযান চালায়। শুক্রবার সকাল থেকে অভিযানে নেমেছিল পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ। নেতৃত্বে ছিল হিরাপুর থানার পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ জানিয়েছেন স্থানীয়রা।
এ দিন সকালে অভিযান চালিয়ে অভিযুক্তের নাগাল পেতেই ফের পালানোর চেষ্টা করেছিল। কিন্তু পুলিশের কাছে ধরা পড়ে যায় প্রতাপ। পায়ে গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে পাকড়াও করা হয়েছে।




