কণাদ দাশগুপ্ত
২০২৭ সালে উত্তরপ্রদেশে বিজেপি ক্ষমতায় ফিরলে মুখ্যমন্ত্রীর কুর্সিতে কে বসবেন? বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, নাকি নতুন কোনও মুখ? বিধানসভা নির্বাচনের প্রায় এক বছর আগে এই প্রশ্ন ঘিরেই বিজেপির অন্দরে শুরু হয়েছে জল্পনা। তার মধ্যেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে রাজনৈতিক আলোচনায় নতুন মাত্রা যোগ করলেন উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। তাঁর বক্তব্য, নির্বাচনের পরে দলের বিধায়করাই ঠিক করবেন পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন। সেই ব্যক্তি যোগী আদিত্যনাথও হতে পারেন, আবার অন্য কেউও হতে পারেন।
বুধবার এক সংবাদমাধ্যমের অনুষ্ঠানে ২০২৭ সালের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নিয়ে প্রশ্ন করা হয় মৌর্যকে। উত্তরে তিনি জানান, বিজেপির নির্বাচনী রীতি অনুযায়ী আগে থেকে সব রাজ্যে মুখ্যমন্ত্রীর মুখ ঘোষণা করা হয় না। পদ্মফুলের প্রতীক, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্ব এবং সরকারের কাজকে সামনে রেখেই ভোটে লড়বে দল। নির্বাচনের পরে নবনির্বাচিত বিধায়করা কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করে মুখ্যমন্ত্রী বেছে নেবেন। মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তীসগঢ়ে ২০২৩ সালের নির্বাচনেও একই পদ্ধতি অনুসরণ করা হয়েছিল বলে জানান তিনি।
আরও পড়ুন-
অস্কারের ভিজ্যুয়াল এফেক্টসের সেরা কুড়িতে রামায়ণ, লড়াইয়ে ডিউন, স্পাইডারম্যান, অ্যাভেঞ্জার্সও
মৌর্যের এই মন্তব্যের কয়েক ঘণ্টা আগেই অবশ্য যোগী আদিত্যনাথ বলেছিলেন, কে মুখ্যমন্ত্রীর মুখ, তা সকলেই জানেন। পদ্মফুলের প্রতীকই দলের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি। উল্লেখ্য, এর আগে মৌর্য জানিয়েছিলেন, বিজেপি কোনও ব্যক্তির মুখ নয়, পদ্মফুলের প্রতীক সামনে রেখেই নির্বাচনে লড়বে। ফলে যোগীকে ঘিরে তাঁর ধারাবাহিক মন্তব্য নতুন করে নেতৃত্বের প্রশ্ন উসকে দিয়েছে।
যদিও মৌর্য যোগীর সঙ্গে কোনও বিরোধের কথা অস্বীকার করেছেন, তবু দুই নেতার বক্তব্যের পার্থক্য রাজনৈতিক মহলে আলোচনার বিষয়। ভোটের আগে মুখ্যমন্ত্রীর মুখ নিয়ে বিজেপি শেষ পর্যন্ত কী অবস্থান নেয়, এখন সেটাই দেখার।




