ওয়েব ডেস্ক: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আন্দোলনের কর্মসূচিতে বড়সড় পরিবর্তন আনল বিরোধীদের ইন্ডিয়া জোট। প্রাথমিক পরিকল্পনা ছিল সংসদীয় অধিবেশনের আদলে ‘মক পার্লামেন্ট’ আয়োজনের। কিন্তু সংসদের অবমাননা সংক্রান্ত কোনও বিতর্ক এড়াতে সেই পরিকল্পনা বদলে কর্মসূচির নতুন নাম দেওয়া হয়েছে ‘পিপলস ইমপিচমেন্ট’ বা ‘জন মহাভিযোগ’। শুক্রবার বিকেল ৩টে থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের দিল্লির বাসভবনে এই কর্মসূচি হবে।
বৃহস্পতিবার ইন্ডিয়া জোটের নেতাদের বৈঠকে কর্মসূচির চূড়ান্ত রূপরেখা তৈরি হয়। প্রাক্তন লোকসভা স্পিকার মীরা কুমার এই পর্ব পরিচালনা করবেন। তাঁকে সাহায্য করবেন সমাজবাদী পার্টির এক সাংসদ। রাজ্যসভার বিরোধী দলনেতা খাড়গে মহাভিযোগের প্রস্তাবের সূচনা করবেন। সমাপ্তি ভাষণ দেবেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
আরও পড়ুন-
মোট ১৯টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা বক্তব্য রাখবেন। প্রত্যেককে পাঁচ মিনিট সময় দেওয়া হলেও তৃণমূল কংগ্রেস ও সমাজবাদী পার্টি পাবে ১০ মিনিট করে। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া কয়েকজন নাগরিক এবং নাগরিক সমাজের তিন প্রতিনিধিও বক্তব্য রাখবেন। সব মিলিয়ে প্রায় ৩০ জনের অংশগ্রহণের কথা। বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগই থাকবে আলোচনার কেন্দ্রে। কংগ্রেসের দাবি, এই প্রক্রিয়ায় প্রথমে ১৩.৫ কোটি ভোটার প্রভাবিত হয়েছিলেন, বর্তমানে সেই সংখ্যা ১৬.৫ কোটি। যদিও এই পরিসংখ্যান বিরোধী দলের দাবি। উল্লেখ্য, ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে ‘ভোট চুরি’র অভিযোগে বৃহত্তর সমাবেশেরও ডাক দিয়েছে ইন্ডিয়া জোট।




