বাংলার উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়! আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভবনা রয়েছে। জানা গিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তামিলনাড়ু উপকূল সংলগ্ন এলাকায় থাকা ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। অন্যদিকে দ্বিতীয় আরও একটি ঘূর্ণাবর্ত আন্দামান সাগর হয়ে বঙ্গোপসাগরের দিকে এগিয়ে আসার সম্ভবনা রয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, নিম্ন থেকে মাঝারি ঘূর্ণাবর্ত – এর সম্ভবনা রয়েছে। এই ঘূর্ণাবর্তটি ভারতের পূর্ব উপকূলের দিকে এগোতে পারে। স্থলভাগে আছড়ে পড়ার পরে অথবা উপকূলের কাছাকাছি সমুদ্রের উপর দিয়ে এগোনোর সময় উত্তর-পূর্ব দিকে বাঁক নেওয়ার সম্ভাবনাও রয়েছে।
থাইল্যান্ড উপসাগর ও সংলগ্ন এলাকায় অবস্থিত আরও একটি ঘূর্ণাবর্ত ২৩ অক্টোবর দক্ষিণ-পূর্ব ও সংলগ্ন মধ্য-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি করতে পারে। আবহাওয়া দপ্তরের সূত্র অনুযায়ী, ঘূর্ণাবর্তটি আরও শক্তিশালী হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ঘূর্ণাবর্তটি পরবর্তী সময়ে কোন দিকে এগোবে, তার উপরেই বাংলার আবহাওয়ার সম্ভাব্য প্রভাব অনেকটাই নির্ভর করবে।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গে অক্টোবরের শেষ সপ্তাহে বৃষ্টি বা ঝোড়ো হাওয়া হবে কি না, তা নির্ভর করবে বঙ্গোপসাগরে তৈরি হতে চলা নিম্নচাপের অবস্থান, শক্তি এবং গতিপথের উপর।




