ওয়েব ডেস্ক: পশ্চিমবঙ্গে ২৫০০ কোটি টাকা বিনিয়োগ করে ৫০০ মেগাওয়াট পর্যন্ত সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করেছে টাটা পাওয়ার রিনিউয়েবলস এনার্জি। প্রকল্পের জন্য হলদিয়া, দুর্গাপুর-সহ রাজ্যের বিভিন্ন এলাকায় জমি চেয়ে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে সংস্থা। পরিকল্পনা বাস্তবায়িত হলে বাংলায় টাটা পাওয়ারের বৃহত্তম বিদ্যুৎ প্রকল্প হতে পারে এটি। আগামী বছর পুজোর মধ্যে প্রকল্পের বড় অংশ বাস্তবায়নের আশা প্রকাশ করেছে সংস্থাটি।
বৃহস্পতিবার এক অনুষ্ঠানে টাটা পাওয়ারের এমডি ও সিইও প্রবীর সিনহা জানান, এক জায়গায় এত বড় প্রকল্পের জন্য উপযুক্ত জমি পাওয়া কঠিন। তাই রাজ্যের বিভিন্ন এলাকায় একাধিক প্রকল্প গড়ার পরিকল্পনা রয়েছে তাঁদের। পাশাপাশি, আগামী তিন বছরের মধ্যে বাংলার তিন লক্ষ বাড়িতে ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা বা ‘রুফটপ সোলার’ ইউনিট বসানোর লক্ষ্যমাত্রা নিয়েছে সংস্থা। এই উদ্যোগের মাধ্যমে গৃহস্থের স্তরেও সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে চাইছে তারা।
অন্য দিকে, সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রসারে আর্থিক প্রণোদনার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন টাটা পাওয়ার রিনিউয়েবলসের এমডি ও সিইও সঞ্জয় বাঙ্গার। তাঁর বক্তব্য, কেন্দ্রের পাশাপাশি রাজ্য সরকারেরও আর্থিক উৎসাহ দেওয়া প্রয়োজন। এ বিষয়ে রাজ্যকে পরামর্শ দিয়েছে সংস্থা। বড় সৌরবিদ্যুৎ প্রকল্প চালু হলে বিদ্যুৎ বণ্টন সংস্থার বিদ্যুৎ কেনার খরচ কমতে পারে বলেও তাঁর মত। প্রকল্পের বাস্তবায়ন নির্ভর করবে জমি, সরকারি অনুমোদন এবং প্রয়োজনীয় আর্থিক কাঠামোর উপর। সব কিছু অনুকূল থাকলে রাজ্যে সৌরবিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির পাশাপাশি পরিচ্ছন্ন শক্তির ব্যবহারেও গতি আসতে পারে।




