ওয়েব ডেস্কঃ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খাসতালুক কালীঘাটে মঙ্গলবার সন্ধ্যায় হাজির হলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উপলক্ষ, মমতার ছোট ভাই স্বপন ওরফে বাবুন বন্দ্যোপাধ্যায়ের ক্লাবের কালীপুজো। আর সেই পুজোমণ্ডপেই তৈরি হল রাজনৈতিক মহলে আলোচনার নতুন উপাদান। মুখ্যমন্ত্রীকে ফুলের মালা দিয়ে স্বাগত জানান বাবুন। শুধু তাই নয়, শুভেন্দুর পায়ে হাত দিয়ে প্রণামও করেন তিনি।
পুজোমণ্ডপে দেবী কালীর আরতি করেন মুখ্যমন্ত্রী। বাবুনের সঙ্গে তাঁর এই সাক্ষাৎ ঘিরে স্বাভাবিকভাবেই শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। শুভেন্দুকে উদ্দেশ করে বাবুন বলেন, ‘‘দাদা তুমি এগিয়ে চলো, আমরা তোমার সঙ্গে আছি।’’ তাঁর এই মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
আরও পড়ুন
মমতা ও বাবুনের সম্পর্কের টানাপড়েন অবশ্য নতুন নয়। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে হাওড়া কেন্দ্র থেকে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন বাবুন। কিন্তু তৃণমূলের প্রার্থী ঘোষণার পর প্রকাশ্যেই অসন্তোষ জানান তিনি। পরে বাবুনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা জানিয়েছিলেন মমতা। যদিও পরবর্তী সময়ে সেই সম্পর্ক নিয়ে একাধিকবার ভিন্ন বার্তা দিয়েছেন বাবুন।
এ দিন শুভেন্দু অবশ্য নিজের উপস্থিতির ব্যাখ্যায় বলেন, তিনি এলাকার বিধায়ক। বাবুন তাঁকে আমন্ত্রণ জানিয়েছিলেন, তাই এসেছেন। পরে মমতার বাড়ির সামনে দিয়ে হেঁটে অন্য পুজোমণ্ডপেও যান মুখ্যমন্ত্রী।




