HomeBig Breakingমমতাকে ‘অন্ধ ধৃতরাষ্ট্র’ বলে তোপ অনুব্রতর, এক তোলাবাজ দল চালাচ্ছিল, নিশানায় ...

মমতাকে ‘অন্ধ ধৃতরাষ্ট্র’ বলে তোপ অনুব্রতর, এক তোলাবাজ দল চালাচ্ছিল, নিশানায় কে?

ওয়েব ডেস্ক: একসময় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বৃত্তের অন্যতম নেতা। বীরভূমে তাঁর কথাই ছিল শেষ কথা। সেই অনুব্রত মণ্ডলই এ বার সরাসরি আক্রমণ করলেন প্রাক্তন দলনেত্রীকে। মমতাকে ‘অন্ধ ধৃতরাষ্ট্র’ আখ্যা দিয়ে তাঁর অভিযোগ, তৃণমূলের বিপর্যয়ের জন্য দায়ী স্বয়ং মমতা। শুধু তা-ই নয়, দলের নেতৃত্ব নিয়ে তোলাবাজির অভিযোগও তুলেছেন তিনি।

এক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে অনুব্রত বলেন, মমতা চোখ বন্ধ করে বসেছিলেন। তাঁর দাবি, অন্য এক জনের কথায় পুতুলের মতো উঠতেন-বসতেন তৎকালীন মুখ্যমন্ত্রী। অনুব্রতর কথায়, মমতার জন্যই তাঁকে জেলে যেতে হয়েছে। আড়াই বছর জেলবন্দি থাকার সময় দল তাঁকে কার্যত পরিত্যাগ করেছিল বলেও অভিযোগ তাঁর।

কেন মমতাকেই দায়ী করছেন? সেই প্রশ্নের উত্তরে অনুব্রতর দাবি, এক তোলাবাজ নেতা দল চালাচ্ছিলেন। তিনি বীরভূমের জেলা সভাপতি থাকাকালীন পাথর ও বালির রয়্যালটি সরকারের ঘরে পাঠাতেন। কিন্তু ওই নেতার তাতে আপত্তি ছিল। অনুব্রতর অভিযোগ, সেই কারণেই তাঁকে জেলে পাঠানোর ব্যবস্থা হয়।

এ প্রসঙ্গে টুলু মণ্ডলের নামও উল্লেখ করেছেন তিনি। তাঁর দাবি, টুলু মণ্ডল কাকে ৪৫ কোটি টাকা করে দিতেন, তা খোঁজ নিলেই প্রকাশ্যে আসবে। অনুব্রতর প্রশ্ন, তিনি জেলে থাকাকালীন পাথর-বালির তোলার টাকা কার কাছে যেত? মমতা আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না বলেও মন্তব্য করেছেন অনুব্রত। তাঁর বক্তব্য, ঘরের লোক দল চালালে এবং বাইরের কর্মীদের গুরুত্ব না দিলে সংগঠন টেকে না।

অন্য দিকে, অনুব্রতর বক্তব্যের পিছনে রাজনৈতিক উদ্দেশ্য দেখছে মমতা-তৃণমূল। মুখপাত্র কুণাল ঘোষের দাবি, বিজেপির সঙ্গে সমঝোতার কারণেই অনুব্রত এমন মন্তব্য করছেন। ফলে তৃণমূলের দুই শিবিরের সংঘাত আরও প্রকাশ্যে এল।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments