HomeScrollকুলগামে CRPF ক্যাম্পে জঙ্গি হামলা, আহত তিন জওয়ান, চলছে তল্লাশি অভিযান

কুলগামে CRPF ক্যাম্পে জঙ্গি হামলা, আহত তিন জওয়ান, চলছে তল্লাশি অভিযান

কুলগামের একটি সিআরপিএফ ক্যাম্পকে নিশানা করেই এই হামলা

ওয়েব ডেস্ক: জম্মু ও কাশ্মীরের কুলগামে ফের জঙ্গি হামলা। বুধবার সিআরপিএফের একটি ক্যাম্প লক্ষ্য করে হামলা চালায় জঙ্গিরা। এই ঘটনায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর তিন জওয়ান আহত হয়েছেন। কুলগামের আখরানে জঙ্গিরা এলোপাথাড়ি গুলি চালাচ্ছে বলে জানা যাচ্ছে। হামলার পরেই গোটা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। উল্লেখ্য, ঘটনাটি এমন সময়ে ঘটেছে যখন জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গর্ভনর মনোজ সিংহ কুলগামে রয়েছেন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, কুলগামের একটি সিআরপিএফ ক্যাম্পকে নিশানা করেই এই হামলা চালানো হয়। হামলার ধরন এবং জঙ্গিদের অবস্থান সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি। তবে এই ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা বাহিনীর মধ্যে সতর্কতা বাড়ানো হয়েছে। আশপাশের এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। সম্ভাব্য পালানোর পথগুলিতেও নজর রাখছেন নিরাপত্তাকর্মীরা। জানা গিয়েছে, কুলগাম জেলার মীরবাজারের নিকটবর্তী আখরানে এই হামলার ঘটনাটি ঘটেছে। ওই এলাকায় সিআরপিএফের চৌকি রয়েছে। জওয়ানদের টহলদারি দেওয়ার সময় আচমকাই কয়েক জন জঙ্গি বাইকে চেপে এসে হামলা চালায়। বিবৃতি দিয়ে সিআরপিএফ জানিয়েছে, বুধবার দুপুর সওয়া ২টো নাগাদ কুলগামে হামলা চালায় জঙ্গিরা। পুরো এলাকা ঘিরে ফেলেছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। চিরুণি তল্লাশি চলছে গোটা এলাকায়। আহত জওয়ানদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন

লাইনচ্যুত কলকাতা-সাইরং এক্সপ্রেস, শিয়ালদহ স্টেশনে হেল্প ডেস্ক চালু

ঘটনার পরেই এলাকায় পৌঁছয় নিরাপত্তা বাহিনীর কুইক রিঅ্যাকশন টিম। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং হামলাকারীদের চিহ্নিত করতে তৎপরতা শুরু হয়েছে। গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালানো হচ্ছে। আহত তিন জওয়ানের শারীরিক অবস্থা সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। কোন জঙ্গি সংগঠন এই হামলার পিছনে রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। হামলার দায়ও কোনও সংগঠন স্বীকার করেনি। নিরাপত্তা বাহিনীর তরফে পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে। হামলাকারীদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।

 

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments