HomeScrollরাস্তার খাবার এবার পাবে আন্তর্জাতিক পরিকাঠামো, বাংলার পাঁচ শহরে নতুন উদ্যোগ

রাস্তার খাবার এবার পাবে আন্তর্জাতিক পরিকাঠামো, বাংলার পাঁচ শহরে নতুন উদ্যোগ

প্রতিটি হাব তৈরিতে আনুমানিক চার কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা রয়েছে

কলকাতা: পথের ধারের খাবার বাঙালির রসনাবিলাসের অবিচ্ছেদ্য অংশ। কলকাতার ফুচকা, ঘুগনি থেকে শুরু করে দুর্গাপুরের নানা স্থানীয় পদ কিংবা শিলিগুড়ির রাস্তার খাবার—এই বিপুল খাদ্যসংস্কৃতিকে এবার আরও সংগঠিত রূপ দেওয়ার উদ্যোগ রাজ্য সরকারের। কেন্দ্রের সহযোগিতায় রাজ্যের একাধিক শহরে গড়ে উঠতে চলেছে আধুনিক ‘স্ট্রিট ফুড হাব’। প্রাথমিক পরিকল্পনায় রয়েছে কলকাতা, বিধাননগর, হাওড়া, আসানসোল-দুর্গাপুর এবং শিলিগুড়ি।

প্রতিটি হাব তৈরিতে আনুমানিক চার কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা রয়েছে। রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পালের ঘোষণা অনুযায়ী, এই উদ্যোগের লক্ষ্য শুধু খাবারের দোকান সাজানো নয়, বরং পথবিক্রেতাদের জন্য পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও উন্নত ব্যবসায়িক পরিকাঠামো তৈরি করা।

সম্প্রতি কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়নমন্ত্রী মনোহরলাল খট্টরের সঙ্গে বৈঠকের পর এই পরিকল্পনার কথা জানান অগ্নিমিত্রা। পিএম স্বনিধি প্রকল্পের বাস্তবায়নে পশ্চিমবঙ্গ এবং দুর্গাপুর পুরসভা স্বীকৃতি পাওয়ার পর এই উদ্যোগে নতুন গতি এসেছে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন:

এল নিনোর প্রভাব: পশ্চিমবঙ্গে পরিবেশ নিরাপত্তা নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ

পাশাপাশি, হকারদের বিকল্প জীবিকার সুযোগ তৈরি করতে সৌরশক্তিচালিত বিশেষ ই-কার্ট দেওয়ার পরিকল্পনাও রয়েছে। খাবার, ফুল ও পোশাক বিক্রেতাদের প্রয়োজন অনুযায়ী তৈরি হবে এই কার্ট। নথিভুক্ত হকারদের অগ্রাধিকার দেওয়ার কথা জানানো হয়েছে। ফুটপাত দখলমুক্ত রাখার পাশাপাশি ব্যবসায়ীদের জীবিকাও সুরক্ষিত রাখাই সরকারের লক্ষ্য।

পরিচ্ছন্নতা, খাদ্যসুরক্ষা এবং আধুনিক বিপণনের সমন্বয়ে এই প্রকল্প বাস্তবায়িত হলে একদিকে যেমন ক্ষুদ্র ব্যবসায়ীদের আয় বাড়তে পারে, অন্যদিকে বাংলার নিজস্ব খাবারও পর্যটনের আকর্ষণ হয়ে উঠতে পারে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments