HomeScrollএল নিনোর প্রভাব: পশ্চিমবঙ্গে পরিবেশ নিরাপত্তা নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ

এল নিনোর প্রভাব: পশ্চিমবঙ্গে পরিবেশ নিরাপত্তা নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ

২০২৭ সালে ধেয়ে আসছে 'সুপার এল নিনো', কলকাতার জন্য কী সতর্কতা?

দীপেন্দু চৌধুরী 

২০২৭ সালের শুরুর দিক পর্যন্ত অত্যন্ত শক্তিশালী ‘এল নিনো’ পরিস্থিতি ও প্রভাব থাকার পূর্বাভাস আগে থেকেই ছিল। ভারতের জলবায়ু, কৃষি এবং অর্থনৈতিক স্থিতিশীলতার ওপর এর সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে। জলবায়ু পরিবর্তনের জন্য একাধিক সংকটের কারণে দেশের অর্থনীতি ও বাস্তুতন্ত্র ইতিমধ্যেই চাপের মুখে রয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মানুষের জীবিকা ও অর্থনৈতিক কর্মকাণ্ড মূলত বর্ষার বৃষ্টিপাত, কৃষি, উপকূলীয় বাস্তুতন্ত্র এবং শহুরে আবহাওয়ার ওপর নির্ভরশীল। সেখানে ক্রমবর্ধমান এই এল নিনো পরিস্থিতির মোকাবিলায় আগাম প্রস্তুতি এবং সমন্বিত নীতিগত পদক্ষেপের জরুরি প্রয়োজনীয়তাকে সামনে নিয়ে এসেছে।

এই আবহে বৃহস্পতিবার ‘ক্লাইমেট ট্রেন্ডস’, ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি) ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে রাজ্যে এল নিনোর প্রভাব বিষয়ক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ার্স বিভাগের ডঃ এইচ এল রায় সভাঘরে অনুষ্ঠিত

‘ওয়েস্ট বেঙ্গল রিজিওনাল সেমিনার অন এল নিনো রেজিলিয়েন্স’ শীর্ষক সভায় আবহাওয়াবিজ্ঞান, কৃষিবিজ্ঞান, সামুদ্রিক গবেষণা, ক্লাইমেট মডেলিং, নগর পরিকল্পনা, বিপর্যয় মোকাবিলা, জলবায়ু অর্থনীতি (ক্লাইমেট ফিন্যান্স) বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। জলবায়ু ও জননীতি বিশেষজ্ঞরা একত্রিত হয়ে আঞ্চলিক সহনশীলতা গড়ে তোলার অগ্রাধিকার এবং আন্তঃক্ষেত্রীয় সহযোগিতার রূপরেখা নিয়ে আলোচনা করেন।

২০২৩-২৪ এবং ২০১৫-১৬ সালের পূর্ববর্তী দুটি এল নিনো পর্বের কারণে ২০১৬ এবং ২০২৪ সালে ভারত বিশ্বের উষ্ণতম বছরগুলির তালিকায় জায়গা করে নিয়েছিল। আশঙ্কা করা হচ্ছে, ২০২৭ সালের উষ্ণতার নিরিখে সেই রেকর্ডগুলিকেও ছাপিয়ে যেতে পারে। তবে বিশ্ব উষ্ণায়নের প্রভাবে বর্তমান এল নিনোর প্রভাব অতীতের যেকোনো রেকর্ড-ভাঙা এল নিনোর তুলনায় অনেক বেশি তীব্র ও ভিন্ন রূপ নিচ্ছে।

‘নোয়া’ (NOAA)-এর তথ্য অনুযায়ী, ১৯৫০ সালের পর থেকে এ পর্যন্ত তিনবার ‘অত্যন্ত শক্তিশালী’ এল নিনো দেখা গেছে—১৯৮২-৮৩, ১৯৯৭-৯৮ এবং ২০১৪-১৫ সালে। সাম্প্রতিক মূল্যায়নের ভিত্তিতে ইঙ্গিত মিলেছে যে, বর্তমান পরিস্থিতিটি ১৯৫০ সালের পর নথিভুক্ত অন্যতম শক্তিশালী এল নিনোতে পরিণত হতে পারে। ভারতের আবহাওয়া দপ্তরের(আইএমডি) তথ্য বলছে, ঐতিহাসিকভাবে দেশে বড় ধরনের খরার বছরগুলি (যেমন ১৯৮২, ১৯৮৭, ২০০২, ২০০৯ এবং ২০১৫) এল নিনো চলাকালীনই ঘটেছে। এবং ২০২৬ সালও সেই তালিকায় নতুন সংযোজন হিসেবে যুক্ত হয়েছে।

আলোচনা সভায় কৃষি, জল নিরাপত্তা, তাপপ্রবাহ এবং সামুদ্রিক বাস্তুতন্ত্রের ওপর এই ‘অত্যন্ত শক্তিশালী’ এল নিনোর বহুমুখী প্রভাব বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি আসন্ন ঝুঁকিগুলির আগাম আঁচ পেতে জলবায়ু পূর্বাভাস ও মডেলিংয়ের ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

পশ্চিমবঙ্গের জন্য অন্যতম প্রধান উদ্বেগের ক্ষেত্র হলো কৃষি ও খাদ্য নিরাপত্তা। এল নিনোর প্রভাব কেবল একটি শস্য মরসুমের মধ্যেই সীমাবদ্ধ নাও থাকতে পারে; মাটির আর্দ্রতা হ্রাস, জলসম্পদের ওপর চাপ এবং কৃষিক্ষেত্রে ক্ষতির কারণে পরবর্তী ফসল চক্র, কৃষকদের আয় এবং খাদ্যপণ্যের দামের ওপরও এর দীর্ঘমেয়াদি প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। বিশেষজ্ঞদের অভিমত এমনই।

এল নিনো তাপমাত্রার স্বাভাবিক চরিত্র বদলে দিতে পারে। দীর্ঘমেয়াদি বিশ্ব উষ্ণায়নের সাথে এর মিথস্ক্রিয়া তাপপ্রবাহ মোকাবিলার প্রস্তুতিকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। রাজ্যে তীব্র গরম এবং আর্দ্রতাজনিত তাপের চাপ  এক বড় সংকট হিসেবে দেখা দিতে পারে। রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকলে স্বাস্থ্যঝুঁকি আরও বহুগুণ বেড়ে যায়। এই পরিস্থিতি খোলা আকাশের নিচে কর্মরত শ্রমিক, কৃষিশ্রমিক, শহরের বাসিন্দা এবং প্রান্তিক জনগোষ্ঠীকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে। পাশাপাশি ঘর ঠান্ডা রাখার চাহিদা বাড়ায় বিদ্যুৎ ব্যবস্থার ওপরও প্রবল চাপ সৃষ্টি হতে পারে।

জল নিরাপত্তা আরেকটি আন্তঃসম্পর্কিত চ্যালেঞ্জ হিসেবে উঠে এসেছে।  আলোচনাসভায় মরসুমী মোট বৃষ্টিপাতের বিষয় নিয়েও আলোচনা হয়। বৃষ্টিপাতের সময়, তীব্রতা এবং বণ্টন ইত্যাদি বিষয়ে বোঝার ওপর জোর দেওয়া হয়েছে। সময়োপযোগী জলবায়ু সংক্রান্ত তথ্যকে কাজে লাগানোর কথা বলেন বিভিন্ন বক্তা। বিশেষজ্ঞদের বক্তব্য,

শস্য পরিকল্পনা, সেচ ব্যবস্থাপনা, জল বণ্টন, তাপপ্রবাহ-জনিত স্বাস্থ্য সুরক্ষা প্রস্তুতি, শহুরে সহনশীলতা এবং উপকূলীয় জীবিকা রক্ষার ক্ষেত্রে কার্যকর সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।

জলবায়ু বিজ্ঞানকে নীতিগত পদক্ষেপে রূপান্তরিত করার গুরুত্ব তুলে ধরে ‘ক্লাইমেট ট্রেন্ডস’-এর ডিরেক্টর আরতি খোসলা বলেন, “এল নিনো কেবল একটি আবহাওয়া বিষয়ক ঘটনা বা বর্ষাকালীন উদ্বেগের বিষয় নয়। বিশ্ব উষ্ণায়নের সাথে যুক্ত হয়ে এর প্রভাব কৃষি উৎপাদনশীলতা, জল নিরাপত্তা এবং শ্রম উৎপাদনশীলতাকে নেতিবাচকভাবে প্রভাবিত করবে, যা সরাসরি ভারতীয় অর্থনীতিতে আঘাত হানবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অনিয়মিত বৃষ্টিপাত, ক্রমবর্ধমান তাপমাত্রা বিশেষ করে আর্দ্রতাজনিত তাপের চাপ মোকাবিলা সমন্বয়ের জন্য আরও প্রস্তুতির প্রয়োজন।”

সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞরা সতর্ক করেন, আমাদের নিশ্চিত করতে হবে যে, জলবায়ু পূর্বাভাস যেন কৃষক, স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য ব্যবস্থা এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ ক্ষেত্রগুলির জন্য কার্যকর তথ্যে রূপান্তরিত হয়। বর্তমান এল নিনো যতই শক্তিশালী হচ্ছে,  তার থেকে অনুমান করা যায়, জলসম্পদ, কৃষি চক্র এবং জীবিকার ওপর এর প্রভাব ২০২৭ সাল পর্যন্ত থাকতে পারে। তাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত শুরুতেই ঝুঁকি চিহ্নিত করা এবং এমন দীর্ঘমেয়াদি সহনশীলতা গড়ে তোলা যা কেবল একটি মরসুমের গণ্ডিতে সীমাবদ্ধ থাকবে না।

পশ্চিমবঙ্গে এল নিনো মোকাবিলায় সহনশীলতা বাড়াতে আলোচনা সভায় তিনটি প্রধান অগ্রাধিকারের ওপর জোর দেওয়া হয়েছে:

  • জলবায়ু-ভিত্তিক ক্ষেত্রীয় পরিকল্পনা জোরদার করা: কৃষি পরিকল্পনা, জল ব্যবস্থাপনা, তাপপ্রবাহ মোকাবিলা কর্মপরিকল্পনা (হিট অ্যাকশন প্ল্যান) এবং উপকূলীয় সম্পদ ব্যবস্থাপনার সাথে মৌসুমী পূর্বাভাস ও জলবায়ু প্রক্ষেপণকে যুক্ত করা।
  • ঝুঁকি সংক্রান্ত তথ্যের প্রচার ও আগাম প্রস্তুতি উন্নত করা: জটিল জলবায়ু তথ্যকে সহজবোধ্য এবং অঞ্চল-ভিত্তিক পরামর্শে রূপান্তরিত করে সরকারি দপ্তর, কৃষক, শ্রমিক, ব্যবসায়ী এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়া।
  • প্রাতিষ্ঠানিক সমন্বয় ও জলবায়ু অর্থনীতি গড়ে তোলা: সময়োপযোগী অভিযোজন ব্যবস্থা গ্রহণ এবং জলবায়ু-ঝুঁকিপূর্ণ জীবিকা রক্ষার জন্য বৈজ্ঞানিক প্রতিষ্ঠান, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর, স্থানীয় প্রশাসন এবং আর্থিক প্রতিষ্ঠানগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা।

আলোচনা সভায় এই বিষয়টি পুনরুল্লেখ করা হয় যে, এল নিনো মোকাবিলার প্রস্তুতিকে একটি চলমান প্রক্রিয়া হিসেবে দেখতে হবে এবং একে ক্ষেত্রীয় পরিকল্পনা ও প্রশাসনিক কাঠামোর অবিচ্ছেদ্য অংশ করে তুলতে হবে। বৈজ্ঞানিক প্রতিষ্ঠান, নীতিনির্ধারক এবং সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই জলবায়ু ঝুঁকির আগাম আঁচ পাওয়া এবং জনজীবন, জীবিকা ও আঞ্চলিক অর্থনীতির ওপর এর বিরূপ প্রভাব কমিয়ে আনা সম্ভব।

আরও পড়ুন:

ঘূর্ণিঝড়ের প্রভাব কাটেনি! শনিবারও বৃষ্টির ভ্রুকুটি দক্ষিণবঙ্গে, কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

ওড়িশার গোপালপুরের কাছে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় অ্যাকভান। বৃহস্পতিবার যৌথভাবে ক্লাইমেট ট্রেন্ডস, ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) ও যাদবপুর বিশ্ববিদ্যালয় আয়োজিত আলোচনাসভা থেকে সতর্ক করা হয়। ২০২৬-২৭ সালের জলবায়ু(আর্থিক) বছরে সুপার এল নিনোর অভিঘাত আমাদের ওপর পড়বে। অগ্রহায়ন মাসের শুরুতেই চলতি সপ্তাহে অ্যাকভানের লেজের ঝাপটায় আবহাওয়া জবুথবু। দক্ষিণ বঙ্গের অধিকাংশ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবারের আলোচনাসভায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছিল। বলা হয়েছিল, দক্ষিণ ২৪ পরগণা ও পূর্ব মেদিনীপুর জেলায় ৭-২০ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে। মেঘভাঙা বৃষ্টিতে কোথাও বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।  নভেম্বর মাসে চলতি সপ্তাহে প্রতি ঘন্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে উপকূলীয় হাওয়া সহ বৃষ্টিপাত  এল নিনোর প্রভাবকেই সামনে এনেছে। পশ্চিমবঙ্গে উপকূলীয় এলাকায় হাওয়া ছিল প্রতিঘন্টায় ৬০ কিলোমিটার।

২০২৭ সালে সুপার এল নিনো ধেয়ে আসছে। ভারতীয় আবহাওয়া দফতর এবং বিভিন্ন বিশ্ব জলবায়ু  সংস্থার অনুসন্ধানে জানা যাচ্ছে, ২০২৭ সালের উপসাগরীয় অঞ্চলে সুপার এল নিনোর প্রভাব ব্যাপকভাবে পড়বে। আনুমানিক ১৯০ জন পরিবেশবিদ এই বিষয়ে সতর্ক করেছেন। উচ্চ তাপমাত্রার গ্রীষ্মকাল, অপর্যাপ্ত বর্ষা, তাপপ্রবাহ, লবণাক্ত উপকূল এবং কৃষিজাত পণ্যের উৎপাদন ব্যাহত হতে পারে। সেই কারণে এই সব ক্ষেত্রে আগাম ও জরুরী ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন, আবহাওয়াবিদ, বিজ্ঞানী ও বিশেষজ্ঞরা।

এদিনের আলোচনাসভায় বক্তা হিসেবে ছিলেন, কলকাতার ভারতীয় আবহাওয়া দফতরের আঞ্চলিক প্রধান ডঃ হাবিবুর রহমান বিশ্বাস, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তুহীন ঘোষ, কল্যানী বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ গৌতম সাহা, কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের অধিকর্তা অভিষেক আচার্য।

ঘূর্ণিঝড় অ্যাকভান বিষয়ে ভারতীয় আবহাওয়া দফতরের চলতি সপ্তাহের সতর্কবার্তা ছিল। এবং বন্দর এলাকায় বিশেষ সতর্কতা নেওয়া হয়েছিল। এই পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের জেলাগুলোর কৃষি আয়ের ক্ষেত্রে পরিকল্পনা নেওয়া যেতে পারে। সামনের বছরে সুপার এল নিনোর সঙ্গে যুঝতে কৃষি নির্দেশিকা ও জনসংযোগ গড়ে তোলা প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments