ওয়েব ডেস্ক: ইতিহাসের দলিল কি হারিয়ে গেল, নাকি সংরক্ষণে চরম গাফিলতি? পশ্চিমবঙ্গ বিধানসভার গ্রন্থাগার থেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ঐতিহাসিক ভাষণের নথি খুঁজে না পাওয়াকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন বিতর্ক। বিষয়টি সামনে আসতেই সরাসরি হস্তক্ষেপের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর হুঁশিয়ারি, নথি সত্যিই নিখোঁজ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে এফআইআর করা হবে। প্রয়োজনে তদন্তের দায়িত্ব দেওয়া হবে সিআইডিকে।
সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী জানান, আগামী ৪ ডিসেম্বর বিধানসভার অধিবেশন শুরু হলে তিনি নিজেই গ্রন্থাগারে গিয়ে বিষয়টি খতিয়ে দেখবেন। তাঁর কাছেও শ্যামাপ্রসাদের ভাষণের একটি প্রতিলিপি রয়েছে। সেটি বিধানসভার নথিতে জমা দেবেন বলেও জানিয়েছেন তিনি। নথি না পাওয়া গেলে তৎকালীন অধ্যক্ষ, বিধানসভার সচিব, সংশ্লিষ্ট আধিকারিক এবং গ্রন্থাগারিকদের ভূমিকা তদন্তের আওতায় আসতে পারে।
২০ জুন ১৯৪৭। অবিভক্ত বাংলার ভবিষ্যৎ এবং দেশভাগের প্রেক্ষাপটে বিধানসভায় গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছিল ওই দিন। পশ্চিমবঙ্গ গঠনের ঐতিহাসিক প্রেক্ষাপট বুঝতে শ্যামাপ্রসাদের সেই ভাষণ বিশেষ তাৎপর্যপূর্ণ। ভিক্টোরিয়া কলেজের অধ্যাপক কৃষ্ণ সরকার একটি গবেষণামূলক বক্তৃতা প্রস্তুত করতে গিয়ে ওই নথির সন্ধান করেন। কিন্তু বিধানসভার গ্রন্থাগারে সংশ্লিষ্ট সংকলনটি পাওয়া যায়নি। গ্রন্থাগার কর্তৃপক্ষের দাবি, বইটি একসময় ইস্যু করা হলেও ফেরত আসেনি। যদিও ওই দিনের কার্যবিবরণী পরে উদ্ধার করা হয়েছে।
প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় অবশ্য জানিয়েছেন, বিধানসভার গ্রন্থাগারের বই গ্রন্থাগারেই থাকার কথা। বাইরে যাওয়ার প্রশ্ন নেই। ফলে প্রশ্ন উঠছে, রাজ্যের জন্ম-ইতিহাসের গুরুত্বপূর্ণ দলিলের নিরাপত্তা নিয়ে। রাজনৈতিক বিতর্কের পাশাপাশি এবার বিধানসভার নথি সংরক্ষণ ব্যবস্থাও তদন্তের মুখে।




