কণাদ দাশগুপ্ত
বিজ্ঞানীর মৃত্যুর ৮৯ বছর পরেও তাঁর গবেষণার সম্ভাব্য অমূল্য সম্পদ বন্দি লোহার সিন্দুকে! বাইরে সময়ের ছাপ, ভিতরে কী রয়েছে তা অজানা। যে মানুষ বিজ্ঞানের জগতে ভারতকে আন্তর্জাতিক পরিচিতি দিয়েছিলেন, তাঁর শেষ বাসভবনই আজ অবহেলা ও প্রশাসনিক উদাসীনতার সাক্ষী। ঝাড়খণ্ডের গিরিডিতে আচার্য জগদীশচন্দ্র বসুর স্মৃতিবিজড়িত ‘শান্তি ভবন’-এর বেহাল দশা নিয়ে এবার স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলা শুরু করল ঝাড়খণ্ড হাইকোর্ট।
১৯৩৭ সালের ২৩ নভেম্বর এই বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন জগদীশচন্দ্র। পরে বাড়িটিকে ‘জে সি বসু স্মারক জেলা বিজ্ঞান কেন্দ্র’ হিসেবে গড়ে তোলা হয়। কিন্তু বর্তমানে প্রায় আট মাস ধরে তালাবন্ধ ভবনটি। নিয়মিত সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে ঐতিহাসিক বাড়িটির অস্তিত্বই প্রশ্নের মুখে।
সবচেয়ে বিস্ময়কর, বাড়ির ভিতরে থাকা তিন ফুট বাই দু’ফুটের একটি লোহার সিন্দুক ৮৯ বছর ধরে খোলা হয়নি। আদালতের পর্যবেক্ষণ, তার ভিতরে বিজ্ঞানীর গবেষণার গুরুত্বপূর্ণ নথি থাকতে পারে। সেগুলি উদ্ধার করা গেলে বিজ্ঞানচর্চার জগতে নতুন দিগন্ত খুলতে পারে। আদালত সিন্দুকটি উপযুক্ত তত্ত্বাবধানে খোলার নির্দেশ দিয়েছে।
বিচারপতি রঙ্গন মুখোপাধ্যায় ও বিচারপতি রাম শর্মার ডিভিশন বেঞ্চ সংশ্লিষ্ট দপ্তরের সচিব এবং গিরিডির জেলাশাসকের কাছে হলফনামা চেয়েছে। পাশাপাশি ঝাড়খণ্ডের ঐতিহ্যবাহী স্থাপত্য ও স্মৃতিসৌধ সংরক্ষণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা তৈরির নির্দেশও দিয়েছে।
শ্যামাপ্রসাদের ভাষণ উধাও, বিধানসভার গ্রন্থাগার ঘিরে নতুন রাজনৈতিক সংঘাত
২০০৩ সাল থেকেই বাড়িটিকে পূর্ণাঙ্গ সংগ্রহশালা ও হেরিটেজ কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি জানিয়ে আসছে জে সি বোস মেমোরিয়াল সোসাইটি। কিন্তু সেই দাবি বাস্তবায়িত হয়নি। বিজ্ঞানীর স্মৃতিতে অনুষ্ঠানও করতে হচ্ছে বাড়ির বাইরে। প্রশ্ন একটাই, যে দেশের বিজ্ঞানচর্চার ইতিহাসে জগদীশচন্দ্র বসু এক উজ্জ্বল অধ্যায়, সেই দেশেরই একটি রাজ্যে তাঁর স্মৃতি সংরক্ষণে এত দীর্ঘ অবহেলা কেন?




