ওয়েব ডেস্ক: সাধক বামাক্ষ্যাপা অত্যন্ত জনপ্রিয় একটি বাংলা ছবি। শুক্রবার সেই ছবি বেশিরভাগ মাল্টিপ্লেক্স থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। ওই ছবির পরিবর্তে একটি হিন্দি সিনেমাকে প্রমোট করা হবে বলে জানা গিয়েছে। রাজ্যে পালা বদলের পরে বাংলা সিনেমার পাশে দাঁড়াতে যাঁরা চান তাঁদের কাছে এই ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। এই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, বাংলা-হিন্দি বলে কোনও কথা নেই। মানুষ যেটা চাইবে, যাঁরা পরিচালক, তাঁদের যাতে লাভ হবে তাঁরা সেটা করবেন। সাধক বামাক্ষ্যাপা চলেছে, যাঁরা দেখার দেখেছেন। এরম অনেক সিনেমা এসেছে, তো যতদিন চলেছে মানুষ দেখেছেন।
তিনি আরও বলেছেন, নিম করলি বাবার ওপরে সিনেমা হয়েছে—তো সে নিজের জোরে চলেছে। যাঁরা ব্যবসায়ী, যাঁরা সিনেমা হলের পরিচালক, তাঁরা যদি মনে করেন যে অন্য সিনেমাতে ভালো লাভ হবে, তাঁরা সেটাই করবেন। সরকার যদি ভর্তুকি দিয়ে কোনও সিনেমা চালায় সেটা হবে। মহাপুরুষের জীবনী নিয়ে সিনেমা হলেই ভালো হবে, এরকম কোনও কথা নেই। যাঁরা বাবার সম্বন্ধে জানতে চান, তাঁরা পড়ে নেবেন, জেনে নেবেন।
হিন্দি আগ্রাসন প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি প্রশ্ন তুলেছেন, এগুলো গল্প। যাঁরা বাংলা-বাংলা, বাঙালি-বাঙালি করেছিলেন, তাঁরা বাংলার জন্য, বাংলা সিনেমা, বাংলা খেলাধুলো, সংস্কৃতি, গান ইত্যাদির জন্য কী করেছেন? এখানে গতবছর মান্না দে-র জন্মশতবার্ষিকী ছিল। ক’টা প্রোগ্রাম মান্নাদেকে নিয়ে সরকার করেছে? বা যাঁরা বাংলার কথা বলেন, মান্না দে তো বাংলা ছেড়ে ভারত তথা বিশ্বে চলে গেছিলেন। তাঁর মতো শিল্পী, মহাপুরুষ, শিল্পীকে নিয়ে ক’টা প্রোগ্রাম হয়েছে? তো এসব হচ্ছে রাজনৈতিক স্টেটমেন্ট, এর কোনো গুরুত্ব নেই। সিনেমাকে সিনেমার মতো চলতে দেওয়া উচিত।




