HomeLive Updatesপ্রাইম টাইমে বামাক্ষ্যাপা, হলমালিকদের অবশেষে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

প্রাইম টাইমে বামাক্ষ্যাপা, হলমালিকদের অবশেষে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বাংলা সিনেমার মর্যাদা রক্ষায় এবার সরাসরি হস্তক্ষেপ মুখ্যমন্ত্রীর

কলকাতা: বাংলা সিনেমার মর্যাদা রক্ষায় এবার সরাসরি হস্তক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। দর্শকের ভাল সাড়া পাওয়া সত্ত্বেও প্রেক্ষাগৃহ থেকে ‘সাধক বামাক্ষ্যাপা’ ছবিটি সরিয়ে দেওয়ার উদ্যোগে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। মঙ্গলবার নবান্নে হলমালিক, প্রযোজক, পরিচালক ও টলিউডের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তাঁর স্পষ্ট নির্দেশ, কোনওভাবেই বন্ধ করা যাবে না এই ছবির প্রদর্শন। শুধু তাই নয়, প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’।

গত ২০ নভেম্বর মুক্তি পেয়েছে সায়ন্তন ঘোষাল পরিচালিত ছবিটি। বামাক্ষ্যাপার চরিত্রে সব্যসাচী চৌধুরীর অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। একাধিক প্রেক্ষাগৃহে মিলেছে হাউসফুল শো। কিন্তু আগামী ২৭ নভেম্বর যশরাজ ফিল্মসের হিন্দি ছবি ‘ইয়ে প্রেম মোল লিয়া’ মুক্তির আগে একাধিক হল থেকে বাংলা ছবিটির শো তুলে নেওয়ার উদ্যোগ ঘিরে বিতর্ক তৈরি হয়। এই পরিস্থিতিতে ছবির প্রযোজনা সংস্থা এসভিএফ প্রদর্শন বন্ধের সিদ্ধান্তের কথা জানায়।

আরও পড়ুন 

সম্পত্তির লোভে বাবা-মাকে অবহেলা? বড় শাস্তি আনছে এই রাজ্য

এর পরেই মঙ্গলবার বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। সেখানে উপস্থিত ছিলেন রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, ঋতুপর্ণা সেনগুপ্ত, হিরণ চট্টোপাধ্যায়-সহ টলিউডের বিশিষ্ট ব্যক্তিরা। ভার্চুয়ালি যোগ দেন মিঠুন চক্রবর্তী ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের প্রতিটি প্রেক্ষাগৃহ ও মাল্টিপ্লেক্সে প্রতিদিন দুপুর ৩টে থেকে রাত ৯টার মধ্যে অন্তত একটি বাংলা ছবির শো রাখতে হবে। নিয়ম অমান্য করলে আইনানুগ ব্যবস্থা, এমনকী লাইসেন্স বাতিলের কথাও জানানো হয়েছে।

পাশাপাশি আগামী দেড় বছরে রাজ্যে ৫১টি নতুন সিনেমা হল তৈরির পরিকল্পনা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর লক্ষ্য, বেসরকারি উদ্যোগেও আরও প্রেক্ষাগৃহ তৈরি করা। বাংলা ছবির প্রদর্শন ও হলমালিকদের সমস্যার সমাধানে ৩০ নভেম্বরের মধ্যে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। মিঠুন ও প্রসেনজিৎ ঠিক করবেন কমিটির সদস্যদের নাম।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments