নয়াদিল্লি: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সোমবার ফের দিল্লির রাজপথে নামছে ইন্ডি জোট। গত সপ্তাহের টানা তিন দিনের কর্মসূচির পর এ বার আরও বড় জমায়েতের প্রস্তুতি বিরোধী শিবিরে। সূত্রের খবর, সোমবারের মিছিলে রাহুল গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি থাকতে পারেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। আগের কর্মসূচিতে যাঁদের দেখা যায়নি, বিরোধী শিবিরের সেই নেতাদেরও এ বার পথে নামার সম্ভাবনা।
ইন্ডিয়া গেট থেকে মিছিল করে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়ার পরিকল্পনা রয়েছে প্রতিবাদীদের। সেখানে প্রধান বিচারপতি সূর্য কান্তের সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি জমা দিতে পারেন বিরোধী নেতারা। গত শুক্রবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে নিজেদের দাবিদাওয়া জানিয়েছিলেন তাঁরা। সোমবারের কর্মসূচিতেও সেই দাবিকে সামনে রেখেই সরব হবে বিরোধী জোট। তবে দিল্লিতে নিরাপত্তার কড়াকড়ি, যান চলাচলে বিধিনিষেধ এবং মেট্রো পরিষেবায় নিয়ন্ত্রণের জেরে কর্মসূচি কতটা জমে ওঠে, এখন সেটাই দেখার।




