HomeBig Breakingনরম হিন্দুত্বের পথে কি সমাজবাদী পার্টি?

নরম হিন্দুত্বের পথে কি সমাজবাদী পার্টি?

ভোটের আগে অযোধ্যায় রামমন্দিরে অখিলেশ

ওয়েব ডেস্কঃ উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের আগে রামমন্দিরকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক চর্চার জন্ম দিলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। অবশেষে অযোধ্যার রামমন্দিরে পুজো দিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আগামী ১২ ডিসেম্বর স্ত্রী ডিম্পল যাদব এবং পরিবারের অন্য সদস্যদের সঙ্গে রামলালার দর্শনে যাবেন অখিলেশ। সমাজবাদী পার্টির নেতা তথা অযোধ্যার প্রাক্তন বিধায়ক পবন পাণ্ডে শনিবার এই সফরের দিনক্ষণ ঘোষণা করেছেন। ২০২৪ সালের জানুয়ারিতে রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠার পর এই প্রথম সেখানে যাবেন অখিলেশ।

শুধু রামমন্দির নয়, ওই দিন অযোধ্যার হনুমানগড়ি মন্দিরেও পুজো দেওয়ার কথা রয়েছে তাঁদের। সাধুসন্তদের সঙ্গে সাক্ষাৎ এবং তাঁদের আশীর্বাদ নেওয়ার কর্মসূচিও রয়েছে বলে জানিয়েছেন পবন।

এই সফরের রাজনৈতিক তাৎপর্য নিয়েই এখন চর্চা শুরু হয়েছে। ২০২৭ সালের গোড়ায় উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। তার আগে অখিলেশের রামমন্দির যাত্রাকে বিজেপির হিন্দুত্বের রাজনীতির মোকাবিলায় সমাজবাদী পার্টির নরম হিন্দুত্বের কৌশল হিসেবে দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। এতদিন রামমন্দিরে না যাওয়ায় অখিলেশকে বারবার নিশানা করেছে বিজেপি। তাঁর বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগও তুলেছে শাসকদল।

অন্যদিকে, রামমন্দির নির্মাণের জন্য সংগৃহীত অনুদান নিয়ে বিজেপি ও সংঘ পরিবারের বিরুদ্ধে ‘চাঁদা চুরি’র অভিযোগ তুলেছেন অখিলেশ। আগে তিনি জানিয়েছিলেন, ইটাওয়ায় সমাজবাদী পার্টির উদ্যোগে নির্মীয়মাণ কেদারেশ্বর ধামের কাজ শেষ হলে তবেই রামমন্দিরে যাবেন। সেই শর্ত পূরণের পরই কি এই সিদ্ধান্ত? নাকি আসন্ন নির্বাচনের আগে হিন্দু ভোটের সমীকরণে নতুন বার্তা দিতে চাইছেন তিনি? সেই প্রশ্নই এখন রাজনৈতিক মহলে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments