শ্রেয়সী বন্দোপাধ্যায়: ১৯৯৩, ২০০৬, ২০০৮, ২০১১ গত কয়েক দশকে একাধিক সন্ত্রাসবাদী হামলার সাক্ষী থেকেছে মুম্বই। ১৯৯৩ সালের ধারাবাহিক বিস্ফোরণ, ২০০৬ সালের লোকাল ট্রেন হামলা এবং ২০১১ সালের বিস্ফোরণ, ২০০৮-এ ছত্রপতি শিবাজি টার্মিনাস, তাজ মহল প্যালেস হোটেল, ওবেরয়-
ট্রাইডেন্ট হোটেল এবং নরিমান হাউসের জঙ্গি হামলা। এই হামলা শহরের ইতিহাসে ভয়াবহ অধ্যায়, যা আজও ভুলতে পারেনি মুম্বইবাসী। মুম্বইয়ের স্বাভাবিক ছন্দ স্তব্ধ হয়ে গিয়েছিল কয়েকটি ভয়াবহ ঘণ্টার জন্য। গুলির শব্দ, আগুন, ধোঁয়া , আতঙ্ক, স্বজনহারাদের হাহাকার নাড়িয়ে দিয়ে দিয়েছিল বাণিজ্যনগরীকে। কিন্তু প্রতিটি হামলার পরেই স্বাভাবিক জীবনে ফিরেছে শহর। ২৬/১১ শুধু একটি সন্ত্রাসবাদী হামলার স্মৃতি নয়, প্রতি বছর ২৬ নভেম্বর ফিরে আসে নিহতদের স্মরণ, শহরের প্রতিরোধ এবং নিরাপত্তার প্রশ্ন নিয়ে।
২০০৮ সালের নভেম্বরে মুম্বইয়ে হামলার দায় নেয় পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা। ১০ জন হামলাকারীর আক্রমণে প্রাণ হারান ১৬৬ জন। আহত হন ৩০০-রও বেশি মানুষ। বিদেশি নাগরিকরাও বাদ যাননি সেদিন। হামলার পর সকলের মনে একটাই প্রশ্ন উঠেছিল কীভাবে মাত্র ১০ জন জঙ্গি ভারতের বৃহৎ শহরে ঢুকে একাধিক জায়গায় হামলা চালাতে সক্ষম হয়েছিল? ভারতের উপকূলীয় নিরাপত্তা, গোয়েন্দা তথ্যের আদানপ্রদান এবং সন্ত্রাসবিরোধী অভিযানের প্রস্তুতিতে একাধিক দুর্বলতা সামনে নিয়ে আসে। যদি গোয়েন্দারা তথ্য দিয়ে থাকে তাহলে কী সেটা সঠিক সময়ের মধ্যে আদানপ্রদান হয়নি? না সময়মতো পদক্ষেপ করা হয়েছিল কি না সেটাও নিয়ে প্রশ্ন উঠেছে। মুম্বই হামলার পর দেশের সন্ত্রাসবিরোধী নিরাপত্তা কাঠামোয় একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়। হামলার পর উপকূলীয় নিরাপত্তা, গোয়েন্দা নজরদারি, সন্ত্রাস মোকাবিলায় বাহিনীগুলির সমন্বয় এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়ার ব্যবস্থা নিয়ে একাধিক পদক্ষেপ করা হয়। সন্ত্রাসবাদ সংক্রান্ত অপরাধের তদন্তের জন্য তৈরি হয় এই বিশেষ কেন্দ্রীয় সংস্থা। হামলায় জড়িত ১০ জনের মধ্যে আজমল আমির কাসভকে জীবিত গ্রেফতার করা হয়েছিল। বিচার শেষে তার মৃত্যুদণ্ড কার্যকর হয় ২০১২ সালের নভেম্বরে। এই হামলার ষড়যন্ত্রের আরেক অভিযুক্ত তাহাউর হুসেন রানাকে ২০২৫ সালে কোটি কোটি টাকা খরচ করে আমেরিকা থেকে ভারতে নিয়ে আসা হয়েছিল।
আরও পড়ুন
ভারতকে নিরাপত্তা নিয়ে ভাবতে শেখায় ‘২৬/১১’, কতদূর সফল সেই শিক্ষা?
আজমল কাসাভকে দোষী সাব্যস্ত করার পর ২০১২ সালের নভেম্বরে তার ফাঁসি কার্যকর হয়। কিন্তু হামলার নেপথ্যে ভারতের বাইরে থাকা অভিযুক্তদের বিচারের আওতায় আনার চেষ্টা চলতে থাকে। ২০২৫ সালের এপ্রিল মাসে মার্কিন যুক্তরাষ্ট্র তাহাউর হুসেন রানাকে ভারতের হাতে প্রত্যর্পণ করে। অভিযোগ, ২৬/১১-র ষড়যন্ত্রে তাঁর ভূমিকা ছিল এবং মুম্বইয়ের হামলার লক্ষ্যবস্তুগুলির রেকি করা ডেভিড কোলম্যান হেডলিকে তিনি আড়াল করতে সাহায্য করেছিলেন। মুম্বই অপরাধ দমন শাখার জেরায় তিনি মেনে নিয়েছেন, রানা এবং তাঁর বন্ধু ডেভিড হেডলি পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই-তোইবার সঙ্গে বেশ কয়েকবার প্রশিক্ষণ নিয়েছেন। রানা এও জানিয়েছেন, লস্কর মূলত চর হিসেবে কাজ করে পাক বাহিনীর সঙ্গে। ইতিমধ্যেই তাঁর কণ্ঠস্বর এবং হাতের লেখার নমুনা সংগ্রহ করে আদালতে জমা করেছে এনআইএ।
ভারত দেখেছে একের পর এক হামলা, অনন্তনাগ ও পুলওয়ামা, পহেলগাও। পহেলগাঁও কাণ্ডের পর থেকেই ভারত এবং পাকিস্তানের সম্পর্ক তলানিতে ঠেকেছে। তারপরই ভারত-পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্কের অবনতি সঙ্গে সঙ্গে সীমান্তে বেড়েছে উত্তেজনা। চলে দু দেশের মধ্যে সামরিক অভিযান। জঙ্গি হামলার পরই পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছে ভারত। বিশেষ কিছু ভিসা ছাড়া পাক নাগরিকদের ভারত থেকে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এতদিন পরও পহেলগাঁও হামলার মূলচক্রীরা অধরা। শোনা যাচ্ছে তারা পাকিস্তানে আশ্রয় নিয়েছে। এরপরও দিনের পর দিন একাধিক বার সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঘটে চলেছে। এত কড়া নিরাপত্তা, উন্নত গোয়েন্দা বিভাগ, তারপর কী ভাবে দেশের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে? সীমান্ত পরিস্থিতি ও নিরাপত্তার প্রশ্নে বিভিন্ন মহল থেকে নানা প্রশ্ন উঠেছে বার বার।




